শেখ মনি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০ | ১০:০৭
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি স্মরণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ২১নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাপনী ম্যাচে শহিদ মিনার সিনিয়র দল ভিক্টরি সিক্সার্সকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।
পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপসহ অন্যান্য দলকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, খেলাধুলা চর্চা দিনে দিনে স্তিমিত হয়ে যাওয়ায় যুবসমাজ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে ঝুঁকছে। এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বলয় থেকে বের করে এনে আগামী দিনের দেশ গড়ার সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা আয়োজনের বিকল্প নেই। তাই, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বরেণ্য রাজনীতিবিদ শেখ ফজলুল হক মনি স্মরণে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে আয়োজিত এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে টুনার্মেন্টের সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, সহ-সভাপতি দিলীপ কুমার রায়, সদস্য রাসেদুল মাহমুদ রাসেল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ, শাহবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড এম এ হামিদ খান ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু মতি লাল রায় প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে গত ৪ ডিসেম্বর এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।
