সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৪:৫০
সাংবাদিক, কলামিস্ট, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় জানাজা রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা আড়াইটার দিকে এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সংগঠন ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানায়।
এর আগে বেলা সোয়া দুইটার পর প্রেসক্লাবে পৌঁছায় সৈয়দ আবুল মকসুদদের মৃতদেহ বহনকারী ফ্রিজার ভ্যান।
এ সময় সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ বলেন, জীবনের বেশির ভাগ সময় মানুষের কল্যাণে তিনি লিখতেন। হঠাৎ তার প্রয়াণে হতবিহ্বল হয়েছি। আমার বাবার আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করি।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, সৈয়দ আবুল মকসুদ সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। তার মৃত্যু মেনে নেওয়া যায় না। সাংবাদিক শুধু নয়, জাতির জন্য এটা কষ্টের। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তিনি লিখতেন। তিনি সাদামাটা জীবন যাপন করতেন।
দ্বিতীয় জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা তিনটার দিকে সৈয়দ আবুল মকসুদের মৃতদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর সৈয়দ আবুল মকসুদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান আবুল মকসুদ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সমাজের বিশিষ্টজনরাও তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
সৈয়দ মকসুদ ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জের শিবালয়ের এলাচিপুর গ্রামে জন্ম নেন। ১৮ বছর বয়সে ১৯৬৪ সালে 'নবযুগ' পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে তার সাংবাদিকতার শুরু। লেখালেখির পাশাপাশি আমৃত্যু তিনি সক্রিয় ছিলেন সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে।
- বিষয় :
- সৈয়দ আবুল মকসুদ
- সাংবাদিক আবুল মকসুদ
