ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

'পেট্রোল পাম্প ধর্মঘট সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র'

'পেট্রোল পাম্প ধর্মঘট সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র'
×

সংবাদ সম্মেলনে বক্তারা- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:২৪

দেশের তিন বিভাগে পালিত পেট্রোল পাম্প ধর্মঘট সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র বলে দাবি করেছে জ্বালানি তেল ব্যবসায়ীদের একাংশ। পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের একাংশের আহ্বায়ক মো. নাজমুল হক মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন দাবি করেন।

১৫ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অন্য একটি অংশের আহ্বানে এ ধর্মঘট পালিত হয়। গত ১ থেকে ২ ডিসেম্বর দুপুর পর্যন্ত রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের ২৬ জেলার পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ ছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে সমঝোতা বৈঠকের পর ধর্মঘট আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাজমুল হক বলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে আন্তরিক। এ বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে হঠাৎ করেই তাদের সংগঠনের নাম ও ব্যানার ব্যবহার করে কিছু বহিষ্কৃত ব্যক্তি অসৎ উদ্দেশ্য নিয়ে ধর্মঘটের ডাক দেয়। সংগঠনের কেন্দ্র থেকে এই কর্মসূচির অনুমোদন দেওয়া হয়নি। ওই ধর্মঘটের সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা ছিল না। সাধারণ মালিক-শ্রমিকরাও এই কর্মসূচিতে সমর্থন দেননি।

ধর্মঘট পালনকারী অংশের নেতা বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিমের কাছে নাজমুল হকের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে (নাজমুল হক) কোনো পেট্রোল পাম্প মালিক নেই। তারা সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন। 

শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কথা বলেন না। তারাই (সাজ্জাদুল করিমরা) পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মূল অংশ।

আরও পড়ুন

×