আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত লাশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৭
রাজধানীর ফকিরাপুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে রহমানিয়া আবাসিক হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই হোটেলের দোতলার ২০৫ নম্বর কক্ষের দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে।
মতিঝিল থানার ওসি ইয়াসিন আরাফাত জানান, নিহত গিয়াস উদ্দিনের (২০) বাড়ি চট্টগ্রামের রাউজান এলাকায়। তিনি ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী কাভার্ডভ্যানের হেলপার ছিলেন। গত ১ ডিসেম্বর তিনি হোটেলটিতে ওঠেন। তার মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, রাতে হোটেলের কর্মীরা বিভিন্ন কক্ষে গিয়ে খোঁজ নেন। এ সময় তারা গিয়াসের কক্ষে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। সন্দেহ হওয়ায় তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় দরজা ভেঙ্গে গিয়াসের ঝুলন্ত লাশ দেখতে পায়।
পুলিশ জানিয়েছে, গিয়াস আত্মহত্যা করেছেন বলে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ ব্যাপারে
নিশ্চিত হওয়া যাবে।
- বিষয় :
- ফকিরাপুল
