ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

মিরপুরে দুই নারী হত্যায় দু'জন গ্রেপ্তার

মিরপুরে দুই নারী হত্যায় দু'জন গ্রেপ্তার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ১২:০৬

রাজধানীর মিরপুরে বাসার ভেতর রহিমা বেগম (৬০) ও সুমি আক্তার (২০) নামে দুই নারীকে হত্যার ঘটনায় বুধবার সন্ধ্যায় রমজান ও ইউসুফ নামের দু'জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা জানান, পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। খুনের পরপরই তারা মগবাজারে এক আত্মীয়ের বাসায় চলে যায়। এরপর বুধবার সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় যায় সদরঘাট।

মঙ্গলবার রাতে মিরপুর-২-এর 'এ' ব্লকের দুই নম্বর রোডের ৯ নম্বর বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বুধবার ওই ঘটনায় নিহত রহিমার মেয়ে রাশেদা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।

পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহম্মেদ সমকালকে বলেন, দুই নারীকে হত্যায় জড়িত একাধিক ব্যক্তিকে তারা শনাক্ত করেছেন। নিহত রহিমার কথিত ছেলে সোহেলকে পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে। তার তথ্যও যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন

×