নতুন সাজে ধলপুর স্টাফ কোয়ার্টার পার্ক
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৬:০০
নতুন সাজে সেজেছে রাজধানীর ধলপুরের স্টাফ কোয়ার্টার পার্ক। শিশুদের জন্য তৈরি এই পার্কে রয়েছে খেলার মাঠ, হাঁটার পথ, ছাদবাগান, পাঠাগার, শীতাতপ নিয়ন্ত্রিত হলরুম ও বৈদ্যুতিক বাতির ব্যবস্থা। যে কারণে রাতেও শিশুরা পার্কে খেলা করতে পারবে।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্কটির উদ্বোধন করেন। এ সময় পার্কের পাশেই নবনির্মিত পরিচ্ছন্নতাকর্মী নিবাসেরও উদ্বোধন করেন তিনি। ২৯ কাঠা জমির ওপর নির্মিত এ দু'টি প্রকল্পের জন্য ডিএসসিসির ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।

উদ্বোধনকালে সাঈদ খোকন বলেন, এ এলাকায় অবস্থিত সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা যেন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে সেই লক্ষ্যে এই পার্ক এবং পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই পরিচ্ছন্নতাকর্মী নিবাসের উদ্বোধন করা হলো।
তিনি আরও বলেন, পুরো দক্ষিণ সিটি করপোরেশন এলাকাজুড়ে ১৯টি পার্ক এবং ১২টি খেলার মাঠ বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে। অনেকগুলো ইতিমধ্যে নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কয়েকটির নির্মাণকাজ শেষে উদ্বোধনের অপেক্ষায় আছে। এগুলোর উন্নয়নকাজ শেষ হলে সেগুলোও উন্মুক্ত করে দেওয়া হবে। তখন পুরো দক্ষিণ ঢাকা সিটি এক অনিন্দ্যসুন্দর রূপ লাভ করবে।

এ সময় স্থানীয় এমপি হাবিবুর রহমান মোল্লাসহ সিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১৭ কাঠা জমির উপর ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পরিচ্ছন্নতাকর্মী নিবাসের প্রতিটি ফ্ল্যাটে বেডরুম, ডাইনিং কাম ড্রয়িংরুম, রান্নাঘর, টয়লেট, বারান্দা সুবিধাসংবলিত ৯০টি ফ্ল্যাট রয়েছে। প্রতিটি ফ্ল্যাটের জন্য পৃথক বৈদ্যুতিক মিটার, সোলার সিস্টেম, পয়নিষ্কাশন ব্যবস্থা, বৈদ্যুতিক সাবস্টেশন, সীমানাপ্রাচীর, হাঁটার পথ, প্রবেশ ও বহির্গমন গেটের ব্যবস্থা রাখা হয়েছে।
