মিরপুরে জোড়া খুনের দায় স্বীকার দুই আসামির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৩
রাজধানীর মিরপুরে রহিমা বেগম (৬০) ও সুমি আক্তার (২০) খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ইউসুফ খান ও রমজান।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে তারা এ জবানবন্দি দেয়। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গত মঙ্গলবার রাতে মিরপুর-২-এর 'এ' ব্লকের দুই নম্বর সড়কের ৯ নম্বর বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে রহিমা ও সুমির লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাসায় রহিমা ভাড়া থাকতেন। সেখানে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। হত্যার ঘটনায় বুধবার নিহত রহিমার মেয়ে রাশেদা বেগম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মিরপুর থানায় মামলা করেন।
ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, রহিমার বাসায় অসামাজিক কার্যকলাপ চলত। অপিরিচিত নারী-পুরুষের যাতায়াত ছিল সেখানে। গ্রেপ্তার হওয়া দু'জন ঘটনার রাতে ওই বাসায় অসামাজিক কাজ করতে যায়। রহিমার সঙ্গে টাকা নিয়ে দ্বন্দ্ব হয় তাদের। এক পর্যায়ে একজন কক্ষের মধ্যে আরেকজন বারান্দায় রাতযাপন করে। বাসার প্রধান গেটে তালা মেরে রহিমা নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। রহিমার লোকজন মারধর করতে পারে এই আশঙ্কায় সকালে তারা প্রথমে সুমিকে গলাটিপে হত্যা করে। পরে রহিমাকে ডেকে তোলে। রহিমা কক্ষের দরজা খুললে তাকেও গলাটিপে হত্যা করা হয়।