সিদ্ধেশ্বরীতে রাস্তায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৫ | আপডেট: ০১ মার্চ ২০২০ | ০৮:১৬
রাজধানীর সিদ্ধেশ্বরীতে তিনটি ভবনের মাঝের গলি থেকে বুধবার রাতে রুবাইত শারমিন রুম্পা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। পুলিশের প্রাথমিক ধারণা- তাকে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। তার আনুমানিক বয়স ২০-২২ বছর।
পুলিশ জানায়, বুধবার রাতে মরদেহ উদ্ধারের পর অজ্ঞাত হিসেবে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়। পরিচয় না পাওয়ায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে রমনা থানায় হত্যা মামলা করে। বৃহস্পতিবার সন্ধ্যায় তরুণীর স্বজনরা মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তার বাবা রোকন উদ্দিন একজন পুলিশ কর্মকর্তা। তিনি হবিগঞ্জে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। রাজধানীর শান্তিবাগে রুম্পা মায়ের সঙ্গে থাকতেন।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে রুম্পার মরদেহের ময়নাতদন্ত করা হয়। সূত্র জানিয়েছে, তরুণী মৃত্যুর আগে ধর্ষণের শিকার হয়েছে- প্রাথমিকভাবে এমন আলামত পেয়েছেন ময়নাতদন্ত সংশ্লিষ্টরা।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ সমকালকে বলেন, নিহতের শরীরের আঘাত দেখে মনে হয়েছে ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে ধর্ষণের শিকার হয়েছে কি-না তা নিশ্চিত হওয়ার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষাগারে পাঠানো হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ১০টার দিকে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের ৬৪/৪ নম্বর বাড়ির সামনে থেকে রুম্পার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পড়েছিল দু'টি ভবনের পেছনে এবং একটি ভবনের সামনের গলিতে। তিনটি ভবনের যে কোনো একটি থেকে তাকে ফেলে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। রাতেই মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহতের পরিচয় শনাক্তে বৃহস্পতিবার ওই তিন ভবনে খোঁজ-খবর নেওয়া হয়। কিন্ত তরুণীর পরিচয় পাওয়া যায়নি। পরে তরুণীর ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সন্ধ্যায় তার পরিচয় পাওয়া যায়।
পুলিশ সুরতহাল রিপোর্টে বলেছে, তরুণীর পরনে আছে অ্যাশ কালারের প্রিন্টের জামা ও কফি কালারের সালোয়ার। মেরুদণ্ড, বাম হাতের কনুই ও ডান পায়ের গোড়ালি ভাঙা। মাথা, নাক, মুখে জখম এবং রক্তাক্ত অবস্থায় ছিল। বুকের ডান দিকে ক্ষত চিহ্ন ছিল।
- বিষয় :
- বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু
- হত্যা
