ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

 রাজধানীতে 'কৃষকের বাজার' উদ্বোধন

অপরিপক্ক পেঁয়াজ বিক্রিতে আমরা উদ্বিগ্ন: কৃষিমন্ত্রী

অপরিপক্ক পেঁয়াজ বিক্রিতে আমরা উদ্বিগ্ন: কৃষিমন্ত্রী
×

শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে কৃষকের বাজার ঘুরে দেখছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক -সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৭:২৪

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, লাগামহীন মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে অপরিপক্ক পেঁয়াজ বিক্রি নিয়ে আমরা উদ্বিগ্ন। জানুয়ারিতে পেঁয়াজ উৎপাদনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে সরাসরি কৃষকদের বাজারজাত করা সবজির হাট 'কৃষকের বাজার'-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এরপর পেঁয়াজের পরিস্থিতিসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, পেঁয়াজ এখনও বড় হয়নি। আরও অনেক বড় হওয়া দরকার। আমরা এটা নিয়ে শঙ্কিত আছি। কৃষকরা ছোট ছোট পেঁয়াজ বিক্রি করে দিচ্ছে। জানুয়ারি মাসে কী উপায় হবে? পেঁয়াজের উৎপাদন কমে যাবে।

অন্যদিকে দেশে পর্যাপ্ত পরিমাণ চালের মজুদ রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এ নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। চালের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

মোটা চালের চাহিদা নেই উল্লেখ করে তিনি বলেন, মোটা চাল বিক্রি করতে পারি না আমরা। ওএমএসের গাড়ি যায়, তারা চাল বিক্রি করতে পারে না, ডিলাররা এক টনও চাল তুলছে না। কোনো গ্রাহক নেই। মোটা চাল খারাপ কিছু না। পুষ্টির দিক দিয়ে ভালো।

নিজ ক্ষেতে উৎপাদিত পণ্য সরাসরি ঢাকায় এনে বিক্রি করার সুযোগ তৈরির অংশ হিসেবে প্রথমবারের মতো চালু হলো কৃষকের বাজার। এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের ন্যায্য দাম ও ক্রেতাদের ফরমালিনমুক্ত কৃষিপণ্য দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে দেশের অন্যান্য জেলা-উপজেলাতেও এ ধরনের বাজার চালু করার কথা জানান তিনি।

আরও পড়ুন

×