ঘুষের টাকাসহ সিভিল এভিয়েশন কর্মকর্তা গ্রেপ্তার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ১০:২৯
ঘুষের টাকাসহ রাজধানীর উত্তরা এলাকা থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।
সিভিল এভিয়েশনের কর্মকর্তারা জানান, শুক্রবার রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ঘুষের এক লাখ টাকাসহ এইচ এম রাশেদ সরকারকে গ্রেপ্তার করে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল।
গ্রেপ্তার রাশেদ সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট। এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ একটি মামলা হয়েছে।
রাশেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্রে জানা গেছে, বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এক লাখ টাকা ঘুষ নেন রাশেদ। এ ঘটনার সঙ্গে সিভিল এভিয়েশনের অন্য কোনো কর্মকর্তা জড়িত আছেন কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। রাশেদের বিরুদ্ধে বেবিচকের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।