আগারগাঁওয়ে ওয়াসার নালায় বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ১১:৩৩ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ১১:৪০
রাজধানীর আগারগাঁয়ের একটি সড়কে ওয়াসার নালা মেরামতের সময়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন ধরে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার রাতে ৬০ ফিট সড়কে ওই দুর্ঘটনা ঘটে। দগ্ধ জোনায়েদ (২২), নিলু মিয়া (২৮) কবির আহমেদ (২৫) ও রুবেলকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের সহকর্মীরা জানিয়েছেন, তারা কয়েকজন বেশকিছুদিন ধরে ৬০ ফিট সড়কে ওয়াসার নালায় নতুন পাইপ বসানোর জন্য খনন কাজ করছিলেন। শনিবার সন্ধ্যার পর ভারি হাতুড়ি দিয়ে সড়কের কংক্রিট কাটার সময়ে হঠাৎ করেই সেখানে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ওই চারজন দগ্ধ হন।
তারা জানান, আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ নিলু মিয়া জানান, ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি খনন করার সময় একটি গর্তে গ্যাসের পাইপের থেকে গ্যাস লিকেজ হচ্ছিল। বড় হাতুড়ি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। তারা দৌড়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করলেও দগ্ধ হন।
বার্ন ইউনিটের চিকিৎসকদের উদ্ধৃত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ
ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চার শ্রমিকের হাতে, পায়ে ও
মুখে কিছুটা দগ্ধ হয়েছে। তবে তা গুরুতর নয়।
