স্টামফোর্ড শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার অল্টিমেটাম
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৫
স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৬৯ ব্যাচের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার অস্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করা না হলে রাজপথে নেমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শিক্ষার্থীদের 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে রোববারও উত্তাল ছিল রাজধানীর সিদ্ধেশ্বরীর ক্যাম্পাস।
এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুম্পার অস্বাভাবিক মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন তৃতীয় দিনের মতো। দুপুর ১২টায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা সমবেত হয়ে এ কর্মসুচি পালন করেন। তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে শামিল হন।
'রুম্পা হত্যার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, রুম্পার ধর্ষণ ও হত্যার বিচার চাই, বিচার হতেই হবে, আর কত? স্টপ, স্টপ, স্টপ'সহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আল হাসান সুমন বলেন, 'রুম্পা হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ ও তার বিচার দাবিতে গত তিন দিন ধরে আমরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ও ক্যাম্পাসের ভেতরে সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। অথচ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে রুম্পা হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।'
তিনি বলেন, রুম্পার পরিবার জানতে চায়, কীভাবে সে মারা গেছে? আমাদের সহপাঠীর কীভাবে মৃত্যু হয়েছে, তা আমরা জানতে চাই। এটি আত্মহত্যা, নাকি খুন- এ বিষয়টি দেশবাসী জানতে চায়। তিন দিন পার হয়ে গেলেও সে রহস্য এখনও উদ্ঘাটন করা হয়নি।
রুম্পার মৃত্যুর প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের মুখপাত্র এ শিক্ষার্থী বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রুম্পা হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা না হলে আমরা রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। এই সময়ের মধ্যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা চলবে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলে সব ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হবেন।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী বলেন, রুম্পা হত্যার চার দিন পেরিয়ে
গেলেও এখন পর্যন্ত এ হত্যার কারণ উদ্ঘাটন করা হয়নি। রুম্পা হত্যারহস্য তার
সহপাঠীরা জানতে চায়। তাই দ্রুত এ বিষয়ে তদন্ত করে তার প্রতিবেদন জনসমক্ষে
জানাতে হবে। গত তিন দিন ধরে আমরা ক্যাম্পাসের মধ্যে শান্তিপূর্ণ কর্মসূচি
পালন করে যাচ্ছি। এভাবে প্রশাসন ঘুমিয়ে থাকলে আমরা কঠোর আন্দোলনে নামতে
বাধ্য হবো।
তারা বলেন, রুম্পা হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আগামী দু'একদিনের মধ্যে রুম্পা হত্যার তদন্ত প্রতিবেদন দেওয়া না হলে আমরা কঠোর আন্দোলনে নামব- এটাই সাফ কথা।
ইংরেজি বিভাগের ছাত্রী রাইসা বলেন, গত চার দিন ধরে রুম্পা আমাদের মাঝে নেই। 'ও নেই'- কথাটি ভাবতেই গা শিউরে ওঠে। ওর রক্তমাখা মুখটা আমার সামনে ভেসে ওঠে। রুম্পার আত্মহত্যা বা হত্যা যা-ই হোক, আমরা তা জানতে চাই।
ইংরেজি বিভাগের শিক্ষক জেরিন বলেন, 'আমরা কোনো শিক্ষার্থীকে হারাতে চাই না। রুম্পা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একজন ছাত্রী ছিল। প্রাণচঞ্চল প্রকৃতির একটি মেয়ে কেন খুন হয়েছে, কে খুন করেছে, কীভাবে করেছে- তা জানতে চাই।'
আরেক সহপাঠী রাশেদ বলেন, 'একটি সুন্দর মনের মেয়ে কখনও আত্মহত্যা করতে পারে- আমরা তা বিশ্বাস করি না। রুম্পার বাসা শান্তিনগর, অথচ তার মৃতদেহ সিদ্ধেশ্বরী পাওয়া গেছে- এটি একটি বড় রহস্য তৈরি করেছে। দ্রুত এসব রহস্যের তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে প্রশাসনকে।'
বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে সোমবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
- বিষয় :
- রুম্পা হত্যা
- স্টামফোর্ড
