ডিসেম্বরের শেষে পুরান ঢাকায় চক্রাকার বাস: সাঈদ খোকন
মেয়র মোহাম্মদ সাঈদ খোকন -ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৪:৫১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, চলতি মাসের শেষ সপ্তাহে পুরান ঢাকায় পরীক্ষামূলকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে।
সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত ‘বাস রুট রেশনালাইজেসন’ বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভায় মেয়র এ কথা বলেন। খবর ইউএনবির
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন এবং ডেঙ্গু পরিস্থিতির কারণে এ কমিটির সভা চললেও কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে এখন পুরোদমে কাজ চলছে। আশা করছি, আগামী মার্চ মাস নাগাদ বাস রুট সংখ্যা চূড়ান্ত করা সম্ভব হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে বাস মালিকদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে এবং ওই সভায় আলোচিত বিষয়গুলো পরবর্তীতে সকল বাস মালিকদের নিয়ে আরেকটি সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে অবহিত করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
এসময় নির্ধারিত দুই বছর সময়কালের মধ্যে পাইলট প্রকল্প নগরবাসীর কাছে দৃশ্যমান করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান কামরুল আহসান, গণ পরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন আহমেদ, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রকিবুর রহমান, মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান আলী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, বিআরটিসি চেয়ারম্যান এহসান এলাহী।
- বিষয় :
- ডিএনসিসি
- চক্রাকার বাস
