ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ
×

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

রোববার রাজধানীর বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন তারা।

সকাল ১১টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডার সুবাস্তু নজরভ্যালি টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিলটি ফুজি টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পুলিশ মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

মিছিলে অন্যদের মধ্যে মহানগর উত্তর বিএনপির আহসানুল্লাহ হাসান, এজিএম শামসুল হক, এবিএম আবদুর রাজ্জাক, তাজুল ইসলাম, আব্দুল কাদের বাবু, নুরুল ইসলাম কাজী, তুহিন, সাজ্জাদ হোসেন রুবেল, হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় রিজভী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জড়িয়ে মিথ্যা বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। ইতিহাসকে বিকৃত করছে সরকার। এর মাধ্যমে তারা জিয়াকে তার অবস্থান থেকে সরানোর চেষ্টা করলেও জনমানুষের নেতা হিসেবে তিনি আজীবন তাদের অন্তরে থাকবেন।

তিনি বলেন, এ দেশের মানুষের কাছে জিয়া একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। জনগণের মাঝে জিয়ার জনপ্রিয়তা অত্যন্ত উঁচুতে। তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না।

দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে হামলা ও এর সম্পাদককে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই। মত প্রকাশ ও মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি থানায় থানায় বিক্ষোভ মিছিল বের করে। এতে বিভিন্ন স্থানে পুলিশি হামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ ১২-১৩ জন আহত হন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

কদমতলী থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি ও কদমতলী থানার সভাপতি মীর হোসেন মীরু। মিছিলটি জুরাইন রেলগেট থেকে মুন্সিবাড়ী এসে শেষ হয়।

সূত্রাপুর ও ওয়ারী থানা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ। মিছিলটি গোপীবাগ ব্রাদার্স ক্লাবের সামনে থেকে শুরু হয়ে গোপীবাগ মোড় প্রদক্ষিণ করে সেন্টাল উইমেন্স কলেজের সামনে গিয়ে শেষ হয়।

কামরাঙ্গীরচর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপি সভাপতি মনির হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে মুসলিমবাগ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাতা মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।

এ ছাড়া ঢাকা মহানগরের লালবাগ, চকবাজার, শাহজাহানপুর, মুগদা, কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, সবুজবাগ, নিউমার্কেট, শাহবাগ, রমনা, মতিঝিল, পল্টন, খিলগাঁও, ডেমরা, যাত্রাবাড়ী, গেণ্ডারিয়াতেও বিক্ষোভ মিছিল বের করা হয়।

আরও পড়ুন

×