বিজয় দিবসে প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ
কুচকাওয়াজে রাষ্ট্রপতির সালাম গ্রহণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০৪:২৪ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০৪:৫৭
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন।
সোমবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন পরিচালিত এ কুচকাওয়াজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আকবর হোসেনকে নিয়ে একটি খোলা জীপে করে বিজয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। খবর বাসসের

এরপর তিনি সেনা ও নৌবাহিনীর বিমানের এবং র্যাদবের হেলিকপ্টারে এ্যারোবেটিক ডিসপ্লে প্রত্যক্ষ করেন। এছাড়া আকাশ থেকে সেনাবাহিনীর ছত্রি সেনার অবতরণও প্রত্যক্ষ করেন।
বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল এম সাঈদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর মিগ-২৯ বিমানের মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট এবং বাদ্যযন্ত্রীদের শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রাষ্ট্রপতি হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুচকাওয়াজে অংশগ্রহণকারী কন্টিনজেন্ট নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় চার নেতা এবং ৭ বীর শ্রেষ্ঠর প্রতিকৃতি দিয়ে প্যারেড গ্রাউন্ড সাজানো হয়।
সকাল ১০টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনী প্রধান তাকে স্বাগত জানান।
এর আগে ১০টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য এবং তিন বাহিনী প্রধান তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রী, কূটনৈতিক, মুক্তিযোদ্ধা এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কয়েকজন ভারতীয় যোদ্ধা এবং রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধিদলও কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।
- বিষয় :
- রাষ্ট্রপতি
- মো. আবদুল হামিদ
- কুচকাওয়াজ
- বিজয় দিবস
