ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

থার্টিফার্স্ট নাইটে যা যা করতে নিষেধ করল পুলিশ

থার্টিফার্স্ট নাইটে যা যা করতে নিষেধ করল পুলিশ
×

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম -ছবি ডিএমপি নিউজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০১:৫৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৪:২৭

‘থার্টিফার্স্ট নাইটে’ কোনো ধরনের অনুষ্ঠান ও সমবেত হওয়া থেকে নগরবাসীকে বিরত থাকতে বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

এছাড়াও মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ইংরেজি নববর্ষ উদযাপনের সার্বিক নিরাপত্তা নিয়ে সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, মঙ্গলবার রাত ৮টার পরে হাতিরঝিল এলাকায় জনসাধারণের অবস্থান করা যাবে না। থার্টি ফার্স্ট নাইটের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।  

কূটনৈতিক পাড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে গুলশান, বনানী, বারিধারা এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে এলাকায় ফিরতে অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার পর সব বার বন্ধ থাকবে। তবে পাঁচ তারকা হোটেল বিধিনিষেধের আওতায় থাকবে না। কেউ যাতে মদ বা অ্যালকোহল পান করে জোরে গাড়ি চালাতে না পারে সে জন্য মোড়ে মোড়ে অ্যালকোহল কিট নিয়ে অবস্থান করবে আইনশৃঙ্খলা বাহিনী এবং পরীক্ষা করা হবে।

এছাড়াও মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে বৈধ আগ্নেয়াস্ত্রও বহন করা যাবে না বলে জানান ডিএমপি কমিশনার।

এ সময় নিরাপত্তা ঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের হুমকি নেই। তবে একটি পক্ষ এই আচার-অনুষ্ঠানকে অবৈধ মনে করে। তাই প্রচ্ছন্ন হুমকি সবসময় থাকে। সে জন্য জনগণের নিরাপত্তার স্বার্থেই সব সময় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

থার্টিফাস্ট নাইটে ডিএমপির ট্রাফিক ডাইভারশন ও পরামর্শ:

১. গুলশান, বনানী ও বারিধারায় প্রবেশের সকল রাস্তা রাত ৮টা থেকে বন্ধ রাখা হবে। তবে ওই এলাকায় বসবাসরত নাগরিকগদের প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) এবং আমতলী ক্রসিং (মহাখালী) খোলা রাখা হবে। 

২. রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নং রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, শুটিং ক্লাব, বাড্ডা লিঙ্ক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ব্যবহার করা যাবে না, তবে ওই এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে এসব ক্রসিং ব্যবহার করা যাবে।

৩. একইভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত শুধু শাহবাগ ক্রসিং এবং নীলক্ষেত্র ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পরিচয়পত্র প্রদর্শন এবং শনাক্তকরণ পূর্বক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবেন। এ জন্য পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

৪. পলাশী ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, বকশী বাজার ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং এবং শহিদুল্লাহ হল ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

৫. হাইকোর্ট পয়েন্ট থেকে আগত সব ধরনের গাড়ি দোয়েল চত্বরে বামে মোড় নিয়ে শহিদুল্লাহ হল হয়ে চানখাঁরপুল ক্রসিং দিয়ে বের হয়ে যেতে পারবে।

৬. কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনক অবস্থায় গাড়ি চালালে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭. সড়ক ব্যবহার সংক্রান্তে যে কোনো জরুরি প্রয়োজনে ডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৫, এডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৬, এসি ট্রাফিক (গুলশান)- ০১৭১৩৩৯৮৪৯৭, এসি ট্রাফিক (উত্তরা)- ০১৭১৩৩৯৮৪৯৮, ডিসি ট্রাফিক (সাউথ)- ০১৭১৩৩৭৩২২৩, এডিসি ট্রাফিক (সাউথ)- ০১৭১৩৩৭৩২২৪, ডিসি (গুলশান)- ০১৭১৩৩৭৩১৬৬ ও ডিসি (উত্তরা)- ০১৭১৩৩৭৩১৫৬ নম্বরে ফোন করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

আরও পড়ুন

×