ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

২ বাসের মাঝে পড়ে প্রাণ গেল ট্রাফিক কনস্টেবলের

২ বাসের মাঝে পড়ে প্রাণ গেল ট্রাফিক কনস্টেবলের
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৭:৫৫ | আপডেট: ০১ জানুয়ারি ২০২০ | ০৭:৫৯

শীতের সকালে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক কনস্টেবল হেমায়েত হোসেন (৫০)। হঠাৎ করেই সেখানে ঘুরানো হচ্ছিল ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস। সকালে অনেকটা ফাঁকা রাস্তায় দ্রুত গতির একই পরিবহনের আরেকটি বাস যাওয়ার সময়ে দুই বাসের মাঝে চাপা পড়েন তিনি। এরপরও একটি বাস টান দিলে চাকার নিচে পিষ্ট হন পুলিশের ওই সদস্য। মঙ্গলবার সকাল সাতটার দিকে দুর্ঘটনার পর দুপুরের দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

হেমায়েত হোসেন পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগের ওয়ারী জোনে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা গ্রামে। পুলিশ ভিক্টর পরিবহনের বাসটি চালকসহ আটক করেছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, বাহাদুরশাহ পার্কের চারপাশের সড়ক ঘিরে অবৈধভাবে বাস টার্মিনাল গড়ে উঠেছে। ভোর থেকে সকাল পর্যন্ত সেখানে নিয়ন্ত্রনহীনভাবে চালকেরা বাস রাখেন। মঙ্গলবার ভিক্টর পরিবহনের একটি বাস পেছনে ঘুরানোর সময়েই ওই দুর্ঘটনা ঘটে।

ওই এলাকায় দায়িত্বরত সার্জেন্ট আরিফ উদ্দিন জানান, হেমায়েত সকালে পার্কের সামনের সড়কে দায়িত্বরত ছিলেন। সেখানে কোনো ধরনের সিগন্যাল ছাড়াই ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস পেছনে ঘুরছিল। অপর একটি বাস যাওয়ার সময়ে মাঝে চাপা পড়েন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, দুটি বাসের মধ্যে পড়লে একটি বাসের বেপরোয়া আচরণেই প্রাণ হারিয়েছেন কনস্টেবল হেমায়েত। এজন্য ভিক্টর ক্লাসিক পরিবহনের ওই বাসটি চালকসহ আটক করা হয়েছে। ওই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বাহাদুরশাহ এলাকায় চলাচলরত পরিবহন মালিকদের একটি সূত্র জানায়, এর আগেও রাজধানীতে ভিক্টর পরিবহন একাধিক দুর্ঘটনা ঘটিয়েছে। এরপর সেটি নাম পরিবর্তন করে ভিক্টর ক্লাসিক করা হয়।

আরও পড়ুন

×