গুলিস্তানে যুবক গ্রেপ্তার
শীতার্তদের জন্য কেনা কম্বলের ভ্যান থামিয়ে চাঁদা দাবি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ১০:৩২
শীতার্তদের মাঝে বিতরণের জন্য কেনা কম্বলবোঝাই কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবির অভিযোগে রাজধানীর গুলিস্তান থেকে পারভেজ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছাত্রলীগের এক নেতা বঙ্গবাজার থেকে কম্বলগুলো কিনে ফেরার সময় তার কাছে দুই লাখ টাকা চাঁদা চাওয়া হয়।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, চাঁদা দাবির অভিযোগে বাগেরহাটের মোল্লাহাট থানা ছাত্রলীগ নেতা হিরা আল আমিন বাদী হয়ে মামলা করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
পুলিশ ও সংশ্নিষ্ট সূত্র জানায়, একজন এমপির পক্ষে বিতরণের জন্য বৃহস্পতিবার বঙ্গবাজার মার্কেট থেকে বিপুল পরিমাণ কম্বল কেনেন হিরা। রাত ১০টার দিকে সেগুলো দুটি কাভার্ডভ্যানে তুলে নেওয়ার সময় একদল যুবক তাকে বাধা দেয়। তারা জানায়, চাঁদা না দিলে এসব কম্বল নিয়ে যাওয়া যাবে না। এ সময় ওই ছাত্রলীগ নেতা তার পরিচয় দিলেও কোনো কাজ হয়নি। একপর্যায়ে হিরা ও তার সঙ্গে থাকা লোকজনকে মারধর করে চাঁদাবাজরা। স্থানীয় এক নারী কাউন্সিলরের ব্যক্তিগত সহকারী জীবনের নেতৃত্বে লিটন, রানা ও বাপ্পীসহ অন্যরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। মামলায় তাদেরসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০-৩২ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মনসুর আহমেদ জানান, বাদীর অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বঙ্গবাজারে ট্রাক বা কাভার্ডভ্যান থেকে মালপত্র তোলা ও নামানোর জন্য চাঁদা দেওয়া অনেকটা বাধ্যতামূলক হয়ে পড়েছে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের নাম ব্যবহার করে এই চাঁদা আদায় করা হয়। সেই নেতারাও এই টাকার ভাগ পান বলে অভিযোগ রয়েছে।
- বিষয় :
- চাঁদাবাজি
- চাঁদা দাবি
- গুলিস্তান
