ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ফাঁসি দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে না: সিটিটিসি প্রধান

ফাঁসি দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে না: সিটিটিসি প্রধান
×

মনিরুল ইসলাম- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ১০:৩৬

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ বা উগ্রতা দমন শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়; এ কাজ সবার। জরিমানা করে, হাজত খাটিয়ে বা ফাঁসি দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে না। কারণ উগ্রবাদের চাষ হয় মস্তিস্কে। সেই জায়গায় আঘাত হানতে হবে। তরুণদেরও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার সুযোগ আছে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে 'তারুণ্যের বাংলাদেশ' শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। দর্শক শ্রোতা পাঠক (ডিএসপি) ও উৎসর্গ বাংলাদেশ নামে দুটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালার প্রথম অধিবেশনে ছিলেন রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী ও যাত্রাশিল্পী জ্যোৎস্না বিশ্বাস।

কর্মশালায় সিটিটিসি প্রধান বলেন, জঙ্গিবাদ দমনে পরিবার, শিক্ষাব্যবস্থা, সুশীল সমাজ, সংস্কৃতি কর্মী, মসজিদের ইমাম, আলেমদের সবকিছুর সঠিক ব্যাখ্যা দিতে হবে। তাহলেই সম্প্রীতির সংস্কৃতি, পরমতসহিষ্ণু মানসিকতার সহনশীল প্রজন্ম গড়ে উঠবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান যাদের মুখ্য পরিচয় হবে না। তারা হবে মানুষ, বাঙালি।

কর্মশালায় সভাপতির বক্তব্যে ডিএসপির সভাপতি জিয়াউল হাসান বলেন, মুক্তিযুদ্ধের সময় এ দেশের তরুণদের প্রত্যাশা ও স্বপ্ন ছিল বলে স্বাধীনতা এসেছে। তবে মুক্তির লড়াই শেষ হয়নি। তরুণদের মাদক, ধর্ষণ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে।

আরও পড়ুন

×