শহরে নারীর পথচলা নির্বিঘ্ন করতে কাজ করবেন আতিকুল
আতিকুল ইসলাম -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৯:১০
নারীবান্ধব নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, 'এই শহরে নারীরা যেন অবাধ ও নির্বিঘ্নে চলতে পারেন, এ জন্য কাজ করব। এই শহরকে নারীবান্ধব নগরে পরিণত করার অঙ্গীকার করছি। বিষয়টি আমার নির্বাচনী ইশতেহারেও থাকবে এবং এটি বাস্তবায়নও করব।'
মঙ্গলবার রাজধানীর তিতুমীর কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে এ কথা বলেন আতিকুল ইসলাম।
রাজধানীর শেওড়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধর্ষণের প্রতিবাদে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে নির্বাচনী ইশতেহারে নারীবান্ধব নগর গড়ার অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। জবাবে আতিকুল ইসলাম বলেন, রাজধানীর অন্ধকার এলাকাগুলো আলোকিত করতে হবে। তবে এখন মূল দাবি, ধর্ষককে শাস্তির আওতায় আনা। এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, যেমন নুসরাত হত্যার বিচার দ্রুততার সঙ্গে নিশ্চিত করেছেন, তেমনি এবারও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে তিতুমীর কলেজের অধ্যক্ষ আশরাফ হোসেন, উপাধ্যক্ষ আবিদা সুলতানা, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন।
- বিষয় :
- আতিকুল ইসলাম
- ডিএনসিসি
- সিটি নির্বাচন
