ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ক্যাবের প্রতিবেদন

বাড়ি ভাড়া বেড়েছে নিম্ন ও মধ্যবিত্তের

বাড়ি ভাড়া বেড়েছে নিম্ন ও মধ্যবিত্তের
×

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত সংবাদ সম্মেলন -ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ১০:২৯

২০১৯ সালে উচ্চবিত্তের বাড়ি ভাড়া কিছুটা কমলেও নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোকে বাড়ি ভাড়ায় বাড়তি টাকা গুনতে হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে বস্তির ঘর ভাড়া।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে গত বছরের 'জীবনযাত্রার ব্যয় ও ভোক্তা স্বার্থসংশ্নিষ্ট প্রাসঙ্গিক পর্যবেক্ষণ' প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সভাপতি গোলাম রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া প্রমুখ।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে নিম্ন ও নিম্নমধ্যবিত্তের বাড়ি ভাড়া বেড়েছে গড়ে ৮.১৮ শতাংশ, বস্তির ঘর ভাড়া ৯.৭৪ এবং মেসের ভাড়া ৭.৯১ শতাংশ বেড়েছে। এ ছাড়া জীবনযাত্রায় ব্যয় বেড়েছে সাড়ে ৬ শতাংশ। পণ্য ও সেবামূল্য বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। এর আগে ২০১৮ সালে এ বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৬ ও ৫ দশমিক ১৯ শতাংশ। অন্যদিকে ২০১৭ সালে ছিল ৮ দশমিক ৪৪ ও ৭ দশমিক ১৭ শতাংশ।

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেল প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে বিদ্যুতে অভাবনীয় উন্নতি হলেও বাড়তি ব্যয়ে চালানো কুইক রেন্টালগুলো সামগ্রিকভাবে বিদ্যুৎ ব্যবহারের খরচকে ঊর্ধ্বমুখী করে তুলছে। ২০০৮ থেকে এ পর্যন্ত বিদ্যুতের পাইকারি মূল্য সাতবার এবং খুচরা মূল্য নয়বার বাড়ানো হয়েছে।

এলপি গ্যাসের ব্যবহার দ্রুত বাড়লেও এখানে সরকারের নজরদারির বড় অভাব দেখছে ক্যাব। ওষুধ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হলেও কিছু ওষুধের উচ্চমূল্য দরিদ্র রোগীর ক্রয়ক্ষমতার বাইরে। বাংলাদেশে এখনও বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের ফি এবং হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফি বহুলাংশে অনিয়ন্ত্রিত। প্রতিবেদনে বৈদেশিক বাণিজ্য নীতির সমালোচনা করে বলা হয়, দেশের বাজারে পণ্যমূল্য আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে- এটা প্রত্যাশিত হলেও তা হচ্ছে না।

আরও পড়ুন

×