হাসপাতাল ছাড়লেন ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন ছিলেন ওই ছাত্রী- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ১০:৩৭
হাসপাতাল ছেড়েছেন ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে তিনি ছাড়পত্র পান। এখন থেকে ওই শিক্ষার্থী একটি শেল্টার হোমে থাকবেন। তবে তার নিরাপত্তা বিবেচনায় শেল্টার হোমের ঠিকানা প্রকাশ করা হবে না।
হাসপাতাল ছাড়ার আগে ওই ছাত্রীর বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে একটি চিঠি দেন। ওই চিঠিতে তিনি প্রধানমন্ত্রী, হাসপাতাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমসহ সবাই পরিবারটির পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, মেয়েটি খুব সাহসী। এত বড় একটি বিষয় ফেস করেছে। হাসপাতালসহ সবার সহযোগিতা পাওয়ায় মেয়েটি বড় কোনো ট্রমার মধ্যে ছিল না। তার চিকিৎসায় সাত সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ধর্ষণের কারণে মেয়েটি যাতে কোনো সংক্রামক রোগে আক্রান্ত না হয়, তার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়েটিকে ফলোআপে আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এ কে এম নাসির উদ্দিন জানান, ছাত্রীর বাবা তাকে হাতে লেখা একটি চিঠি দিয়েছেন। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জানান, ১২ জানুয়ারি ওই ছাত্রীর বিভাগীয় ফাইনাল পরীক্ষা। ওই পরীক্ষায় অংশ নেবেন তিনি। এমন পরিস্থিতিতে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ওই ছাত্রী।
- বিষয় :
- ঢাবি ছাত্রী ধর্ষণ
- ধর্ষক মজনু
- ধর্ষণ
