ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী 

মফস্বল সাংবাদিকতার বাতিঘর পাবনা প্রেস ক্লাব

মফস্বল সাংবাদিকতার বাতিঘর পাবনা প্রেস ক্লাব
×

এবিএম ফজলুর রহমান

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ২০:০৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ২১:০১

প্রখ্যাত সাংবাদিক আব্দুল গনি হাজারী, সৈয়দ আসাফ উদ দৌলা সিরাজি, ফজলে লোহানী, কামাল লোহানী, মহানায়িকা সুচিত্রা সেন, উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সাহিত্যিক প্রমথ চৌধুরী, ওস্তাদ বারীন মজুমদার, কবি বন্দে আলী মিয়া, অধ্যাপক মনসুর উদ্দিন আহমেদসহ অসংখ্য গুণী সাংস্কৃতিক ও সাহিত্যিকের জন্মভূমি বৃহত্তর পাবনা। ব্রিটিশ-পরবর্তী শাসনামলে এ অঞ্চলে সাহিত্য, সাংস্কৃতিক ও সাংবাদিকতার বিকাশ ঘটে। পঞ্চাশের দশকে হাতেগোনা কয়েকজন সাংবাদিকতা শুরু করেন। তারই ধারবাহিকতায় ১৯৬১ সালে একঝাঁক কর্মঠ সাংবাদিক প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাব। পরে ওই বছরের ৮ ও ৯ মে সারা পূর্ব পাকিস্তানের মফস্বল সাংবাদিকদের সমাবেশ হয় পাবনায়। সেখানে মফস্বল সাংবাদিকদের দাবি আদায়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান সাংবাদিক সমিতি। 

পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার গৌরব ও অহংকারের প্রতিষ্ঠান তার নাম পাবনা প্রেস ক্লাব। ১ মে পাবনা প্রেস ক্লাব পাবনা তথা সারাদেশের মফস্বল সাংবাদিকদের মুখ উজ্জ্বল করে ৬৬ বছরে পা রাখছে। মহান ভাষা আন্দোলন, খাপড়া ওয়ার্ড আন্দোলন, ভুট্টা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের জুলাই আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে পাবনা প্রেস ক্লাবের ভূমিকা ছিল অগ্রগণ্য। এই প্রেস ক্লাবের অন্তত ১২ জন সদস্য সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। এ ছাড়া পাঁচজন একুশে পদক লাভ করেন। 

পদ্মা-যমুনা বিধৌত এবং ইছামতী নদী তীরে গড়ে ওঠা পাবনার জনপদে সাংবাদিকতার সূত্রপাত ঘটে উনিশ শতকের প্রথম দিকে। এ অঞ্চলের বিরাজমান সমস্যা সমাধানে দিকনির্দেশনায়, সৎ বস্তুনিষ্ট ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে মানুষকে সচেতন করতে এবং অসহায় নির্যাতিত মানুষের চালচিত্র নিঃশঙ্কভাবে দেশবাসীর সামনে তুলে ধরার ব্রত নিয়ে সর্বোপরি সাংবাদিকগণ ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীতা অনুভব করেন। সাংবাদিকতায় লালিত এই ঐতিহ্যের ধারায় বিশ শতকের ষাটের দশকের শুরুতে তৃণমূল পর্যায়ের সাংবাদিকতা পেশার স্বীকৃতির দাবিকে সামনে রেখে ১৯৬১ সালের ১ মে পাবনা শহরে স্থাপিত হয় পাবনা প্রেস ক্লাব। 

পাবনা থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘পাক হিতৈষী’র প্রকাশক-সম্পাদক, দৈনিক আজাদ ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) পাবনা প্রতিনিধি এ কে এম আজিজুল হক বিএসসি ক্যাল-এর সভাপতিত্বে তাঁর বাসা সানভিউ ভিলায় অনুষ্ঠিত সভায় তিনিই (এ কে এম আজিজুল হক) পাবনা প্রেস ক্লাবের প্রথম সভাপতি এবং সংবাদ প্রতিনিধি শ্রী রণেশ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি এম আনোয়ারুল হক, বিশিষ্ট চিকিৎসক মেজর (অব.) মোফাজ্জল হোসেন, লোকশিক্ষক শহীদ মাওলানা কছিমুদ্দিন আহমেদ, চিত্রসাংবাদিক হিমাংশু কুমার বিশ্বাস প্রমুখ অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। বর্তমানে পাবনা প্রেস ক্লাবের সদস্য সংখ্যা ৬২। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য।
এর মধ্যে সম্মানীয় জীবন সদস্য স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী, ভাষাসংগ্রামী আব্দুল মতিন, সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মাশাল (অব.) এ কে খন্দকার প্রয়াত হয়েছেন। 

পাবনা প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর এ কে এম আজিজুল হক পাবনা প্রেস ক্লাবের প্রথম সভাপতি এবং সংবাদ প্রতিনিধি রণেশ মৈত্র প্রথম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে এম আনোয়ারুল হক, মির্জা শামসুল ইসলাম, প্রফেসর আব্দুস সাত্তার বাসু, অঞ্জন চৌধুরী পিন্টু, রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট মুহম্মদ মহিউদ্দিন, প্রফেসর শিবজিত নাগ, আব্দুল মতীন খান, এবিএম ফজলুর রহমান, প্রফেসর রুমী খন্দকার, উৎপল মির্জা, আহমেদ উল হক রানা, আখিনুর ইসলাম রেমন, সৈকত আফরোজ আসাদ বিভিন্ন সময় এক বা একাধিকবার সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে আখতারুজ্জামান আখতার সভাপতি ও জহুরুল ইসলাম সরাসরি ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ঐতিহ্যবাহী এই প্রেস ক্লাবের দায়িত্ব পালন করছেন। 

পাবনা প্রেস ক্লাবের অতীত ঐতিহ্য ও বিশাল ইতিহাস থাকলেও আজও পাবনা প্রেস ক্লাবের নিজস্ব ভবন হয়নি। পরিত্যক্ত সম্পত্তির ওপর গড়ে ওঠা এই ক্লাবটির শরীরে শীর্ণতা থাকলেও মর্যাদা ও আভিজত্যে এখনও অটুট। তাই পাবনা প্রেস ক্লাব সব সময় পাবনা তথা দেশের সাংবাদিক ও মানুষের মণিকোঠায় মর্যাদার আসীনে অধিষ্ঠিত থাকবে এটা সকল সদস্যের প্রত্যাশা।

এবিএম ফজলুর রহমান: স্টাফ রিপোর্টার, দৈনিক সমকাল, পাবনা এবং সাবেক সভাপতি, পাবনা প্রেস ক্লাব
 

আরও পড়ুন

×