বাবাকে দেখে ছুটে আসার সময় নসিমনের নিচে পড়ে প্রাণ গেল ছেলের
নিহত আলিফ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ২০:০৯ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ২১:০০
ছুটি শেষে স্কুলের সামনে বাবাকে দাড়িয়ে থাকতে দেখে আনন্দে ছুটে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের নিচে পড়ে প্রাণ হারালো প্রথম শ্রেণির শিক্ষার্থী আলিফ। বুধবার দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি (পূর্বপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে উলুকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর আলিফ বাবাকে দেখে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বেকারি মালবাহী নসিমন গতি রোধের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মুহূর্তেই গাড়িটি আলিফের ওপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর নসিমনের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান।
বাবা দেলোয়ার হোসেন বলেন, আমি যদি সেখানে না যেতাম, আমার ছেলে আমাকে দেখে ছুটে আসত না। হয়তো সে বেঁচে থাকত।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, ঘটনার বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত