চট্টগ্রাম বন্দরের ৬ কার্গো বার্থে অপারেটর নিয়োগের প্রস্তাব বাতিল
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ২০:২০ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ২২:১৪
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জেনারেল কার্গো বার্থ এলাকায় ছয়টি কার্গো বার্থে পাঁচ বছরের জন্য বার্থ অপারেটর (কার্গো) নিয়োগের ক্রয় প্রস্তাব ফেরত দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলেও তা অনুমোদন হয়নি।
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বাস্তবায়নে মোট ২৬৪ কোটি ৫ লাখ ২৯ হাজার ৭০০ টাকায় এ ক্রয় প্রস্তাব উপস্থাপিত হয়। পুরো অর্থ সরকারি তহবিল থেকে ব্যয় করার পরিকল্পনা ছিলো।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরে দায়িত্ব পালনকারী বর্তমান ছয়জন বার্থ অপারেটরের চুক্তির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। নতুন করে বার্থ অপারেটর নিয়োগের লক্ষ্যে একধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ছয়টি লটে মোট ১২টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়।
এর মধ্যে ১১টি দরপ্রস্তাব কারিগরি মূল্যায়নে গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরবর্তী মূল্যায়ন শেষে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা ও গ্রহণযোগ্য ছয়টি প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য নিয়োগের প্রস্তাব উপস্থাপন করা হয়।
প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বার্থ-২ এর জন্য মেসার্স রুহুল আমিন অ্যান্ড ব্রাদার্সকে ৪৪ কোটি ২ লাখ ৩২ হাজার টাকা, বার্থ-৩ এর জন্য এ. ডব্লিউ. খান অ্যান্ড কোম্পানি লিমিটেডকে ৪৩ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার ১০০ টাকা এবং বার্থ-৪ এর জন্য ইউনাইটেড ট্রেডিং কোম্পানিকে ৪৪ কোটি ১ লাখ ৪ হাজার ২০০ টাকায় নিয়োগের বিষয়ে পরিকল্পনা ছিলো।
এছাড়া বার্থ-৫ এর জন্য মেসার্স কসমস এন্টারপ্রাইজকে ৪৪ কোটি ৩২ হাজার টাকা, বার্থ-৭ এর জন্য মেসার্স ফোর জুয়েল স্টিভিডোরিং সিন্ডিকেট লিমিটেডকে ৪৪ কোটি ২৪ হাজার টাকা এবং বার্থ-৮ এর জন্য মেসার্স পঞ্চরাগ উদয়ন সংস্থা লিমিটেডকে ৪৪ কোটি ১ লাখ ৮৮ হাজার ৪০০ টাকায় নিয়োগের প্রস্তাব নিয়ে আসা হয়েছিল।
- বিষয় :
- কার্গো জাহাজ
- নিয়োগ