ভোট বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি, ইসিতে ১৪ দলের অভিযোগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ১১:১০
ঢাকা সিটি নির্বাচনের দুই দিন আগে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে বিএনপির বিরুদ্ধে ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। বুধবার সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ূয়ার নেতৃত্বে জোটের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে এ অভিযোগ করে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদিকে ১৪ দলের পক্ষে ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওসার, ওয়ার্কার্স পার্টির কামরূল আহসান প্রমুখ।
বৈঠক থেকে বেরিয়ে দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি একটা নিম্নচাপ সৃষ্টি করতে চায়। নিম্নচাপ সৃষ্টির মধ্য দিয়ে তারা রাজনৈতিক অঙ্গনে একটা ঘূর্ণিঝড় সৃষ্টির পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। বিষয়টি তারা ইসির দৃষ্টিগোচর করেছেন। তিনি বলেন, ভোটের দিন বিকেল থেকে তারা নানা ধরনের প্রচার করতে পারে। নির্বাচনকে কেন্দ্র করেও বিভিন্ন রকম অঘটন ঘটাতে পারে। এজন্য তারা ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে বহিরাগতদের নিয়ে এসেছে। তাদের মূল কাজ হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা। কারও পক্ষে যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না হয়, সেজন্য প্রাক-ব্যবস্থা গ্রহণের জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
নির্বাচনে কারচুপির বিষয়ে বিএনপির শঙ্কার বিষয়ে দিলীপ বড়ুয়া বলেন, ১ ফেব্রুয়ারিতে বিশ্ব অবাক হয়ে লক্ষ্য করবে শেখ হাসিনার সরকার এবং বর্তমান ইসির অধীনে সুষ্ঠু, অবাধ নির্বাচন হয়।
