বিশেষ দেশের কেউ যেন মাতব্বরি না করে: ইসিকে আওয়ামী লীগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ১১:০৪
ঢাকার দুই সিটি ভোটে বাংলাদেশে অবস্থানরত 'বিশেষ দেশের কূটনীতিকের তৎপরতায়' আপত্তি জানিয়েছে আওয়ামী লীগ। তারা বলেছে, বিশেষ দেশের কেউ যেন ভোটে মাতব্বরি না করে, নির্বাচন কমিশনকে তা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম। বৈঠকে তিনি আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এইচটি ইমাম বলেন, অন্য দেশে এমন কোনো সুযোগ নেই। অন্য দেশে তাদের অনেক বিধিনিষেধ থাকে। অনেক নিয়ম-কানুন মানতে হয়। অনেক সময় অনেকেই অনেক কথা বলে ফেলেন, যা আমাদের সার্বভৌমত্বের ওপর কটাক্ষ বলে মনে হয়। বাংলাদেশ আগের মতো নেই। আজকের বাংলাদেশে গণতন্ত্র সুসংহত।
দুপুরে এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। অন্যদিকে আওয়ামী লীগ প্রতিনিধি দলে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাওছার প্রমুখ।
বৈঠক শেষে এইচটি ইমাম বলেন, নির্বাচনের সার্বিক অবস্থা ভালো। সবকিছুই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে। আওয়ামী লীগের সহযোগিতার কারণেই সেটা সম্ভব হয়েছে। তিনি বলেন, পর্যবেক্ষকদের বিষয়ে তারা ইসিকে কিছু কথা বলেছেন।
বিশেষ দেশের 'মাতব্বরি' প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নির্বাচনে একটি দেশের রাষ্ট্রদূত ক্যামেরা নিয়ে পোলিং বুথে ঢুকে গিয়েছিলেন। এ ধরনের ঘটনা যেন না ঘটে। রাষ্ট্রদূতদের যথেষ্ট সম্মান করা হয়, বাংলাদেশের মতো এত আদর-যত্ন অন্য কেউ করে না। কিন্তু আতিথেয়তা মানে এই নয় যে, সে সুযোগ নিয়ে কেউ বাড়াবাড়ি করবে।
এইচটি ইমাম বলেন, বাংলাদেশ নিজস্ব ব্যয়ে বড় বড় প্রকল্প করতে পারে। এমন উচ্চতায় এসে গণতান্ত্রিক রীতিনীতি ও নির্বাচন ব্যবস্থায় আমাদের পরিবর্তন অন্যদের মেনে চলতে হবে। আশা করি সুষ্ঠুভাবে তারাও নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং আন্তর্জাতিক আচরণবিধি ও নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম এবং সংবিধান মেনে চলবেন।
বিএনপি নেতারা ভোটকেন্দ্রে পাহারা বসানোর কথা বলছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের কেন্দ্র পাহারার অধিকার কে দিয়েছে। এটা কি আইনসিদ্ধ, কোনো দলই এটা করতে পারবে না।
আওয়ামী লীগের এক নেতা বলেছেন ছাত্রলীগ যেন কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়ে নেয়- এ বিষয়ে জানতে চাইলে এইচটি ইমাম বলেন, এ কথা মোটেই ঠিক নয়।
নির্বাচন নিয়ে বিএনপি কোনো চক্রান্ত করছে বলে তথ্য আছে কিনা- এমন প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, তারা চক্রান্তের কথা বা তথ্যের কথা বলেননি। বিএনপি প্রথম থেকে দুটি কথা বলেছে, সেগুলো হলো- এ সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না এবং শুরু থেকেই তারা কমিশনকে হেয় করার জন্য চেষ্টা করেছে।
- বিষয় :
- এইচ টি ইমাম
- আওয়ামী লীগ
- সিটি নির্বাচন
- ঢাকা
