কলাবাগানে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বাড়ির মালিক গ্রেপ্তার
ছবি-প্রতীকী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২২:৩৮ | আপডেট: ২৩ মে ২০২৬ | ২৩:৪৮
রাজধানীর কলাবাগানে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আলমগীর হুদা রুবেল (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর কলাবাগান থানার নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিশুটি নর্থ সার্কুলার রোডের একটি ভাড়া বাসায় পরিবারে সঙ্গে বাস করে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় বাসার সামনে সে খেলছিল। এ সময় পাশের বাড়ির এক মালিক চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়ির দোতলায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার করলে প্রতিবশীরা ছুটে যায় ওই বাসায়। ভেতর থেকে দরজা বন্ধ করে রাখায় লোকজন ধাক্কাতে থাকে। একপর্যায়ে ভেতর থেকে ওই ব্যক্তি দরজা খুলে দেয়। প্রতিবেশীরা মেয়েটিকে উদ্ধার করে। অভিযুক্ত আলমগীরকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত আলমগীরের স্ত্রী-সন্তান না থাকায় ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। বাড়িটি তাদের নিজেদের।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক সমকালকে বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়। মেয়েটিকেও আনা হয়। শিশুটির মা বাদী হয়ে আলমগীরের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানে হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করানো হয়েছে। সে সুস্থ আছে এবং বাসায় রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন।
গত মঙ্গলবার পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনার পর ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত আছে। এর মধ্যেই ৬৩ বছরের আলমগীর প্রতিবেশী শিশুকে ধর্ষণ চেষ্টা করে।
- বিষয় :
- ধর্ষণচেষ্টা
- মামলা
- পুলিশ
