সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: সমকাল
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১২:২৭
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার সকালে তিনি প্রতিনিধি দল নিয়ে এসব ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এ সময় ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত জামদানি পল্লীও পরিদর্শন করেন তিনি।
সকাল সাড়ে ৮টার দিকে রাষ্ট্রদূত প্রথমে পানাম নগরীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান।
রাষ্ট্রদূতের প্রতিনিধি দলে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্যরা।
এ সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, মার্কিন রাষ্ট্রদূত জামদানি পল্লী ঘুরে দেখেছেন। সেখানে কারুশিল্পীদের হাতে বোনা জামদানি শাড়ির কারুকাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। সময় স্বল্পতার কারণে তিনি বড় সরদারবাড়ি ও ফাউন্ডেশনের জাদুঘরে প্রবেশ করেননি। পরে আবারও সেখানে আসবেন বলে জানিয়েছেন।
পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান বলেন, রাষ্ট্রদূত অল্প সময়ের জন্য পানাম নগরীতে অবস্থান করেন। তিনি পরিবার নিয়ে সেখানে ঘুরতে এসেছিলেন। এটি মূলত পারিবারিক সফর ছিল। রাষ্ট্রদূত ৩৩ নম্বর ভবন থেকে শুরু করে নগরীর বিভিন্ন ভবন ঘুরে দেখেন। পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।