ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে: ব্রিটিশ হাইকমিশনার

দুর্গাপূজা বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে: ব্রিটিশ হাইকমিশনার
×
×

ছবি: সমকাল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০১:৪৩

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেছেন, এদেশে দুর্গাপূজা একটি বিশেষ উৎসব। এই উৎসব সব ধর্মের মানুষ একসাথে উদযাপন করে। এদেশের পূজা উদযাপন, সঙ্গীত, নৃত্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে।

সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন সারা কুক।

বিকেল পাঁচটায় ব্রিটিশ হাইকমিশনার সারা কুক রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, ট্রাস্টের পরিচালক ও রণদা প্রসাদ সাহার পুত্রবধূ শ্রীমতি সাহা, ট্রাস্টের পরিচালক মহাবীর পতি চন্দন, স্বম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও উপপরিচালক অনিমেষ ভৌমিক।

মণ্ডপ পরিদর্শন করে সারা কুক বলেন, আমরা বাংলাদেশের জনগণ এবং সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি। দুই দেশের মধ্যে খুবই শক্তিশালী সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভুত বিশাল জনগোষ্ঠী রয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের খুবই শক্তিশালী অংশিদারত্ব রয়েছে। আমরা বাংলাদেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে একসাথে কাজ করছি।

রোহিঙ্গা সমস্যা সম্পর্কে তিনি বলেন, আমরা বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী সংকটে দীর্ঘদিনের অন্যতম সহায়তাকারী। যুক্তরাষ্ট্র গত নয় বছরে ৪৬০ মিলিয়ন পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে। পরিস্থিতি অনুকুলে আসলে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনকে সমর্থন করতে সরকারের সাথে ঘনিষ্টভঅবে কাজ করছি।

পরে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক রণদা প্রসাদ সাহার বাড়ির আসান্নদ হলে দর্শক সারিতে বসে দুর্গাপূজার আরতি উপভোগ করেন।

আরও পড়ুন

×