ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে সংসদ সদস্য-প্রশাসনের ওপর হামলা, আটক ৪১

শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে সংসদ সদস্য-প্রশাসনের ওপর হামলা, আটক ৪১
×
×

ছবি: সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৬:৪০

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ৪১ জন জেলেকে আটক করা হয়েছে। অভিযানে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। 

সোমবার সকাল ১০টার দিকে জাজিরা উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীতে অভিযান পরিচালনার সময় জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শতাধিক জেলে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে অভিযানে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন। এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে অংশ নেওয়া সদস্যরা নদীর পাড়ে অবস্থান নেন। পরে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার করেন। এ সময় হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থল থেকে ৪১ জন জেলেকে আটক করা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানের সময় আমরা স্পিডবোটে অবস্থান করছিলাম। এ সময় জেলেরা আমাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা শক্ত হাতে প্রতিহত করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন,  অভিযানে গেলে গ্রেপ্তারের ভয়ে জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে অভিযান জোরদার করা হলে তারা পালিয়ে যান। এ সময় ৪১ জন জেলেকে আটক করা হয়।

সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, সরকারি অভিযান প্রতিহত করতেই জেলেরা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও ইলিশের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×