ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন

সাংবাদিকসহ আহত অন্তত ২০

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
×
×

মঙ্গলবার সকাল থেকে ভোগড়া, সাইনবোর্ড চৌরাস্তা ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। ছবি: সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ১১:১৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ | ১১:৫৫

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কয়েকটি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, সাইনবোর্ড ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শত শত শ্রমিক জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও ভোগড়া বাইপাস অবরোধ করেন। এতে এসব সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। ভোগড়া ও সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হলেও তারা সরে যেতে রাজি হননি। পরে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশের ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন। তবে বিভিন্ন এলাকায় শ্রমিকেরা আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এক স্থান থেকে তাদের সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে আবার সড়কে অবস্থান নেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে নেমেছেন। তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।

আরও পড়ুন

×