ঈদের সিনেমা
হলে হলে ছুটছেন তারকারা
ছবি-সংগৃহীত
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৩:২২ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৩:২৯
ঈদুল আজহার ছুটিতে দেশের প্রেক্ষাগৃহগুলো এখন যেন ছোটখাটো উৎসবের মঞ্চ। নতুন সিনেমা দেখতে দর্শকের ভিড়ের পাশাপাশি হলগুলো জমে উঠছে তারকা, নির্মাতা ও কলাকুশলীদের উপস্থিতিতে। মুক্তির প্রথম সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে ছুটে বেড়াচ্ছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। দর্শকদের সঙ্গে সরাসরি দেখা করা, তাদের প্রতিক্রিয়া শোনা এবং সিনেমার প্রচারণা চালানো– সব মিলিয়ে এবারের ঈদের চলচ্চিত্র উৎসব পেয়েছে নতুন মাত্রা।
এবার ঈদুল আজহায় দেশের ১৮১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘রকস্টার’, ‘রইদ’, ‘মালিক’, ‘মাসুদ রানা’, ‘অফিসার’, ‘তছনছ’, ‘পিনিক’ এবং ‘বনলতা সেন’। মুক্তির পর থেকেই সিনেমাগুলোর টিম দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে সময় কাটাচ্ছেন। ফলে প্রেক্ষাগৃহভিত্তিক প্রচারণা এখন ঈদের সিনেমার অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম শাকিব খান অভিনীত ‘রকস্টার’। দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে প্রথম দিনে ১৮টি শো নিয়ে যাত্রা শুরু করলেও দর্শক চাহিদার কারণে পরদিনই শো সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৬টিতে।

ছবিটির পরিচালক আজমান রুশো এবং অভিনেত্রী সাবিলা নূর ও তানজিয়া মিথিলা নিয়মিত বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করছেন। দর্শকের প্রতিক্রিয়া জানতে চাইছেন এবং সিনেমা নিয়ে মতামত শুনছেন। পরিচালক আজমান রুশোর ভাষ্য, ‘রকস্টার’-এ প্রচলিত বাণিজ্যিক সিনেমার পরিচিত ফর্মুলা অনুসরণ করা হয়নি। নতুন ধরনের গল্প ও উপস্থাপনা নিয়ে দর্শকের সামনে আসার চেষ্টা করা হয়েছে। তাই দর্শকের চূড়ান্ত প্রতিক্রিয়া বুঝতে কিছুটা সময় লাগবে।
অন্যদিকে অ্যাকশন, রোমান্স ও বিনোদনের মিশেলে নির্মিত ‘মালিক’ ও ঈদের দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। সাইফ চন্দন পরিচালিত ছবিটি দেশের ৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। মুক্তির পর কয়েকটি প্রেক্ষাগৃহে এর একাধিক শো হাউসফুল হওয়ার খবর পাওয়া গেছে।

সিনেমাটির প্রচারণায় অংশ নিয়ে অভিনেতা আরিফিন শুভ বলেন, ঈদের দর্শক যে ধরনের বিনোদনমূলক সিনেমা দেখতে পছন্দ করেন, ‘মালিক’ সেই ধরনের উপাদানেই নির্মিত। অ্যাকশন, প্রেম এবং বিনোদনের সমন্বয়ে তৈরি ছবিটিতে তাঁকে নতুন রূপে দেখতে পাবেন দর্শক। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
ঈদের আরেক আলোচিত সিনেমা ‘রইদ’। নির্মাতা মেজবাউর রহমান সুমনের পরিচালনায় নির্মিত ছবিটির টিমও মুক্তির দিন থেকেই সক্রিয়ভাবে প্রেক্ষাগৃহভিত্তিক প্রচারণা চালাচ্ছে। দেশের বিভিন্ন হলে গিয়ে দর্শকদের সঙ্গে মতবিনিময় করছেন নির্মাতা ও কলাকুশলীরা। কয়েকটি শো হাউসফুল হওয়ায় সিনেমাটি নিয়েও দর্শকমহলে আলোচনা বাড়ছে।
অ্যাডভেঞ্চারধর্মী গল্প নিয়ে নির্মিত ‘মাসুদ রানা’ও ঈদের সিনেমা প্রতিযোগিতায় রয়েছে। সৈকত নাসির পরিচালিত ছবিটি দেশের চারটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। ছবির শিল্পী ও নির্মাতারা বিভিন্ন হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করছেন। ইতোমধ্যে কয়েকটি শো হাউসফুল হওয়ায় সিনেমাটি নিয়েও আগ্রহ বাড়ছে। এতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও সৈয়দা তিথি অমি। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।

এদিকে মাল্টিপ্লেক্সকেন্দ্রিক দর্শকদের কাছে সাড়া ফেলেছে ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ছবিটি বর্তমানে আটটি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। প্রতিদিনই বেশ কয়েকটি শো পূর্ণ দর্শক নিয়ে চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ছবিটিতে অভিনয় করেছেন খাইরুল বাসার, গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়তী উর্বি, রুপন্তি আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি। সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরাও নিয়মিত প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, এবারের ঈদে সিনেমার প্রচারণার ধরনে বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে ট্রেলার, পোস্টার কিংবা টেলিভিশন প্রচারণাই ছিল প্রধান ভরসা, সেখানে এখন শিল্পী-নির্মাতারা সরাসরি দর্শকের কাছে পৌঁছে যাচ্ছেন। প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে দর্শকদের সঙ্গে ছবি তুলছেন, কথা বলছেন, সিনেমা নিয়ে তাদের মতামত শুনছেন। এতে দর্শকের সঙ্গে চলচ্চিত্রের দূরত্ব কমছে, একই সঙ্গে সিনেমা দেখার অভিজ্ঞতাও হয়ে উঠছে আরও প্রাণবন্ত।
- বিষয় :
- ঈদের সিনেমা
