আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় শ্রেয়ার নতুন যাত্রা
শ্রেয়া চৌধুরী। ছবি: ফেসবুক
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৪:৩৩ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ১৪:৩৭
‘বন্দিশ ব্যান্ডিটস’ ওয়েব সিরিজে অনবদ্য অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তরুণ অভিনেত্রী শ্রেয়া চৌধুরী। এরপর আলোচনায় এসেছেন ‘দ্য মেহতা বয়েজ’-এ অভিনয় করে। সেই সুবাদে খুলে গেছে ভাগ্যের চাকা। প্রস্তাব এসেছে বলিউড সিনেমায় অভিনয়ের; যেখানে তাঁর সহশিল্পী নন্দিত অভিনেতা আয়ুষ্মান খুরানা। সেই সুযোগ লুফে নিতেও দেরি করেননি শ্রেয়া।
চরিত্রের সঙ্গে মিশে গিয়ে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। লক্ষ্য একটাই, বলিউড সিনেদুনিয়ায় নিজেকে সম্ভাবনাময় তারকা হিসেবে প্রমাণ করা। তাঁর জন্য বেশিদিন আপেক্ষাও করতে হচ্ছে না শ্রেয়াকে। ওটিটির পর শিগগিরই সিনেমায় অভিষেক হতে চলেছে তরুণ এই তারকার। আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে এ অভিনেত্রীর প্রথম সিনেমা ‘মুপাপা’। সেই খবর নিশ্চিত করেছেন প্রযোজক-পরিচালক উভয়েই।
আনন্দবাজার, এই সময়সহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ‘মুপাপা’ সিনেমা মুক্তির মধ্য দিয়ে শ্রেয়া চৌধুরীর ক্যারিয়ারে যোগ হতে চলেছে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সিনেমায় আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা যাবে তাঁকে। এরই মধ্যে সমীর সাক্সেনা পরিচালিত এই সিনেমায় স্বাভাবিক অভিনয়, পর্দায় সাবলীল উপস্থিতি এবং চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার দক্ষতার জন্য প্রশংসিত হয়েছেন শ্রেয়া; যার সুবাদে ‘মুপাপা’-র হাত ধরে এবার তাঁর ক্যারিয়ারে যুক্ত হতে চলেছে আরও একটি বড় থিয়েট্রিক্যাল প্রজেক্ট।
আয়ুষ্মানের মতো জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বাঁধায় সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও ইতোমধ্যে তৈরি হয়েছে।
শ্রেয়া আপাতত ওয়াইআরএফ-এর ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে কাজ শুরু করেছেন সম্প্রতি। এই তালিকায় রয়েছে একগুচ্ছ তারকার নাম। সে কারণে ইন্ডাস্ট্রির অন্দরের অনেকে মনে করছেন, ‘মুপাপা’-র পাশাপাশি শ্রেয়ার পেশাগত যাত্রাতেও নতুন সম্ভাবনার দরজা খুলে গেল।
আগামী দিনে আরও বড় প্রজেক্ট ও অন্য রকম চরিত্রে তাঁকে দেখার প্রত্যাশায় রয়েছেন অনুরাগীরা।
একজন অভিনেত্রী হিসেবে তাঁর ধারাবাহিক উন্নতি এবং বেছে নেওয়া চরিত্রের বৈচিত্র্যই প্রমাণ করে, ধীরে ধীরে নিজের জায়গা আরও শক্ত করছেন শ্রেয়া। নতুন এই সিনেমার মাধ্যমে সেই যাত্রা আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে। এবার এই সিনেমায় তিনি কেমন অভিনয় করেন, সেটিই দেখার অপেক্ষায় দর্শকরা।