ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ভিটামিনের ঘাটতি

ভুগতে পারেন নানারোগে

ভুগতে পারেন নানারোগে
×

 ডা. হুমায়ুন কবীর হিমু

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ০৭:৪১

| প্রিন্ট সংস্করণ

ঘন ঘন ভুলে যাচ্ছেন? ডিমেনশিয়ার উপসর্গ মনে হলেও আদতে এটি ভিটামিন বি১২-এর ঘাটতি নয় তো? ভিটামিন বি১২ শরীরের একটি অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। কিন্তু মানবদেহ সরাসরি এই ভিটামিন উৎপাদন করতে না পারায় এর ঘাটতি দেখা দেওয়া খুবই স্বাভাবিক।
রক্তের গঠন ও স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে সচল রাখতে ভিটামিন বি১২ অপরিহার্য। যেহেতু মানবদেহ এটি নিজে তৈরি করতে পারে না, তাই আমাদের শরীরকে নির্ভর করতে হয় যথাযথ খাবার ও ফুড সাপ্লিমেন্টের ওপর। বিশেষ করে নিরামিষাশীদের মধ্যে এই ভিটামিনের ঘাটতি বেশি দেখা যায়; কারণ এটি ‘প্লান্টবেজড’ বা উদ্ভিদজাত উৎস থেকে সরাসরি পাওয়া যায় না। ভিটামিন বি১২-এর ঘাটতি শনাক্ত করতে অনেক সময় দেরি হয়ে যায়, কারণ এর প্রাথমিক উপসর্গগুলো ডিমেনশিয়ার লক্ষণের সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ।

কেন হয় এই সমস্যা?
ঘন ঘন সংশয়: কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে বা মনোযোগ দিতে সংশয় তৈরি হওয়া ভিটামিন বি১২-এর অভাবের লক্ষণ। এই ভিটামিন সারা শরীরে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্তকণিকাকে সক্রিয় রাখে। এর অভাবে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে বাধা পায়, ফলে মানসিক দ্বিধা বা সংশয় তৈরি হয়।
মুড সুইং বা বিষণ্নতা: যখন-তখন মেজাজ খিটখিটে হওয়া বা মুড অফ হয়ে যাওয়া ভিটামিন বি১২-এর অভাবের সংকেত হতে পারে। দীর্ঘদিন এই ঘাটতি থাকলে তা থেকে বিষণ্নতা (ডিপ্রেশন) হতে পারে। ভিটামিন বি১২-এর অভাবে শরীরে ‘হোমোসিস্টিন’-এর মাত্রা বেড়ে যায়, যা মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত করতে পারে।
মনোযোগের অভাব: কোনো কিছুতেই ঠিকমতো মন বসাতে না পারা, অথচ আগে 
এমন সমস্যা না থাকা–এটি শরীরে পুষ্টি উপাদানের অভাবের অন্যতম লক্ষণ। ভিটামিন বি১২-এর ঘাটতি মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমিয়ে দেয়।
স্মৃতিভ্রংশ বা ভুলে যাওয়া: প্রায়ই কোনো জিনিস ভুলে যাওয়া বা কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলাকে শুরুতেই ডিমেনশিয়া বা বার্ধক্যজনিত রোগ ভেবে নেবেন না। ভিটামিন বি১২-এর অভাবও এমন পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

কী করবেন?
এই ধরনের উপসর্গগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এ ছাড়া ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, প্রচণ্ড দুর্বল লাগা বা আচমকা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিলে সতর্ক হতে হবে। রক্ত পরীক্ষার মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব আপনার শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি আছে কিনা। চিকিৎসকের পরামর্শ 
অনুযায়ী প্রয়োজনীয় সুষম খাবার গ্রহণ বা ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করলে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।। 
 

আরও পড়ুন

×