জেনে রাখুন
ডেঙ্গু থেকে সেরে ওঠার পর খাদ্যাভ্যাস কেমন হবে
নাহিদা আহমেদ
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ০৮:০৯
| প্রিন্ট সংস্করণ
ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে ওঠার পর শরীরের হারিয়ে যাওয়া শক্তি ও পুষ্টির ঘাটতি পূরণ করা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা বলেন, ডেঙ্গু জ্বরের সময় সঠিক ডায়েট বা খাদ্যব্যবস্থাপনা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি জ্বর-পরবর্তী সময়ে সঠিক খাদ্যাভ্যাস দ্রুত সুস্থ হয়ে উঠতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সমানভাবে সাহায্য করে। তাই এ সময় পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি সুষম খাদ্য নিশ্চিত করা আবশ্যক।
ডেঙ্গু থেকে সম্পূর্ণ সেরে ওঠার পর পাতে কোন ধরনের খাবার রাখা উচিত এবং কী বর্জন করা দরকার, তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
প্রোটিনসমৃদ্ধ খাবার (কোষের পুনর্গঠন ও রক্ত উৎপাদনে)
ডেঙ্গুর কারণে শরীরের টিস্যু ও কোষে যে ধকল যায়, তা কাটিয়ে উঠতে এবং নতুন রক্ত কোষ তৈরিতে প্রোটিন অত্যন্ত কার্যকরী।
পরামর্শ: খাদ্যতালিকায় প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন রাখুন। মুরগির মাংসের স্যুপ, ডিম, পাতলা দুধ বা ছানা, টক দই এবং সহজপাচ্য মাছ প্রোটিনের চমৎকার উৎস।
সহজে হজম হয় এমন তরল ও স্যুপ জাতীয় খাবার
ডেঙ্গু-পরবর্তী সময়ে রোগীর শরীরে প্রচুর শক্তির প্রয়োজন হয়। এ সময় অনেক ভারী খাবার হজম করা কঠিন হতে পারে।
পরামর্শ: জাউ ভাত বা স্যুপ জাতীয় তরল খাবার খাওয়া অত্যন্ত উপকারী। কারণ এগুলো সহজেই হজম হয় এবং খাওয়ার পর বমি ভাব বা ভারী লাগার অনুভূতি হয় না। মুরগির মাংসের সঙ্গে বিভিন্ন সবজি মিশিয়ে পাতলা স্যুপ তৈরি করে খেতে পারেন। এটি একাধারে শরীরের তরলের চাহিদা মেটায় এবং প্রোটিন ও ভিটামিনের জোগান দিয়ে দ্রুত দুর্বলতা কাটাতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ও মিনারেলযুক্ত খাবার
শরীরের পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ভিটামিন ও মিনারেলের বিকল্প নেই।
তাজা ফলমূল: চিনি ছাড়া তাজা ফলের রস, ডাবের পানি, আখের গুড়ের শরবত এবং ফ্রেশ ফল বা স্মুদি শরীরকে তাৎক্ষণিক এনার্জি দেয়। বেদানা বা আনার ডেঙ্গু ও পরবর্তী সময়ে অত্যন্ত উপকারী। এছাড়া মাল্টা, কমলা, পাকা পেঁপে ও কলা নিয়মিত খাওয়া উচিত। রঙিন ফল ত্বকের ঔজ্জ্বল্য ও চুল পড়ার সমস্যা দূর করতে সাহায্য করে।
সবুজ শাকসবজি: ভিটামিন এ, কে ও ই সমৃদ্ধ শাকসবজি যেমন–ব্রোকলি, পালংশাক ও পেঁপে পাতা বা কাঁচা পেঁপে ডেঙ্গু পরবর্তী সময়ে শরীরকে চাঙ্গা রাখতে দারুণ ভূমিকা রাখে। এগুলো স্যুপে ব্যবহার করতে পারেন অথবা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করেও খেতে পারেন।
হাইড্রেটেড থাকা ও ইলেকট্রোলাইট
ভারসাম্য বজায় রাখা
জ্বরের ধকল কাটিয়ে উঠতে শরীরকে হাইড্রেটেড রাখা সবার আগে জরুরি। তরল খাবারগুলো শরীর খুব দ্রুত শোষণ করতে পারে, যা রিহাইড্রেট করতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে।
সাইট্রাস বা টক জাতীয় ফল: কমলালেবু বা লেবু জাতীয় ফল ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং ফাইবার থাকায় হজমশক্তি উন্নত করে।
ডাবের পানি: এটি শরীরের জন্য অত্যন্ত জরুরি খনিজ ও ইলেকট্রোলাইটের প্রাকৃতিক উৎস। ফলের রস ও ডাবের পানি উচ্চ জ্বরের কারণে হওয়া ডিহাইড্রেশন বা পানির শূন্যতা রোধ করে এবং শরীরের ইলেকট্রোলাইট লেভেল স্বাভাবিক রাখে।
যেসব খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত:
সুস্থ হয়ে ওঠার এই সময়ে শরীরকে দ্রুত পুনরুদ্ধার করতে কিছু খাবার কঠোরভাবে বর্জন করা উচিত। যেমন:
lসব ধরনের প্রক্রিয়াজাত ও জাংক ফুড।
lঅতিরিক্ত তেল-চর্বিযুক্ত ও ভাজাপোড়া খাবার।
l অতিরিক্ত ঝাল ও মসলাদার খাবার।
lক্যাফেইনযুক্ত পানীয় (যেমন–চা ও কফি)।
lযেকোনো ধরনের কোমল পানীয় ও অ্যালকোহল।
নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং সঠিক বিশ্রামের মাধ্যমেই কেবল ডেঙ্গুর পরবর্তী দুর্বলতা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব।
[পুষ্টিবিদ ]
- বিষয় :
- ডেঙ্গু