ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

দূরের দৃষ্টি ঝাপসা কেন হয়

দূরের দৃষ্টি ঝাপসা কেন হয়
×
×

ডা. আহসান কবির

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

যারা দূরের বস্তু কম দেখেন, তাদের অনেকে ছোটবেলা থেকে বিষয়টি বুঝতে পারেন। যেমন, পাশে বসা অন্য একজন দূরের সবকিছু পরিষ্কার দেখতে পেলেও তিনি তা দেখতে পান না। অথচ কাছের জিনিস দেখতে কোনো সমস্যা হয় না। চোখের এ অবস্থাকে বলা হয় মায়োপিয়া (Myopia) বা ক্ষীণদৃষ্টি। তবে অনেক শিশু নিজের দৃষ্টিশক্তির সমস্যা বুঝতে পারে না। 

 কেন এমন হয়?
আমরা যেমন শারীরিক গঠন ও উচ্চতায় একে অপরের থেকে আলাদা, তেমনি আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের গঠনও এক রকম নয়। চোখের আকৃতিও সবার সমান নয়। স্বাভাবিকভাবে মানুষের চোখের সামনে থেকে পেছন পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ২৩ থেকে ২৪.৫ মিলিমিটার হতে পারে। কারও চোখের অক্ষীয় দৈর্ঘ্য  স্বাভাবিকের তুলনায় বেশি হলে অথবা চোখের কর্নিয়া কিংবা লেন্সের প্রতিসরণ ক্ষমতা বেশি হলে মায়োপিয়া হতে পারে। আমরা যখন কোনো বস্তুর দিকে তাকাই, তখন সেই বস্তু থেকে আসা আলোকরশ্মি চোখের কর্নিয়া ও লেন্সের মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে রেটিনায় প্রতিচ্ছবি তৈরি করে। মায়োপিয়ার ক্ষেত্রে আলোকরশ্মি রেটিনায় পৌঁছানোর আগেই ফোকাস তৈরি করে। ফলে দূরের বস্তু ঝাপসা দেখা যায়। অন্যদিকে কাছের বস্তু তুলনামূলক পরিষ্কার দেখা যায়।

মায়োপিয়ার লক্ষণ
মায়োপিয়া সাধারণত শৈশব বা কৈশোরে শুরু হয়। এর কয়েকটি সাধারণ লক্ষণ হলো—
lশিশু দূরের ব্ল্যাকবোর্ডের লেখা বা অক্ষর ভালোভাবে দেখতে পারে না। দূরের কিছু দেখার সময় চোখ ছোট করে বা পিটপিট করে তাকায়। কখনও মাথা কাত করে দেখার চেষ্টা করে। বাসায় টেলিভিশন দেখার

সময় পর্দার কাছে গিয়ে বসতে চায়।
l দূরের জিনিস স্পষ্ট দেখতে না পাওয়ায় চোখে চাপ অনুভূত হতে পারে। দীর্ঘক্ষণ পড়াশোনা বা কাজ করার পর চোখে অস্বস্তি, মাথাব্যথা কিংবা ঝাপসা দেখার সমস্যা হতে পারে।
l কিছু শিশুর ক্ষেত্রে চোখের দৃষ্টিশক্তির সমস্যার পাশাপাশি চোখ ট্যারা হওয়ার প্রবণতা দেখা দিতে পারে। তবে চোখ ট্যারা হওয়ার পেছনে অন্যান্য কারণও থাকতে পারে।
l কর্নিয়ার কিছু রোগ, যেমন কেরাটোকোনাস চোখের লেন্সে ছানি এবং চোখের অন্য কিছু সমস্যার কারণেও দৃষ্টি ঝাপসা হতে পারে। ভিটামিন ‘এ’-এর অভাবে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হলেও দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিতে পারে। তবে এসব সমস্যা মায়োপিয়া থেকে আলাদা এবং সঠিক পরীক্ষার মাধ্যমে কারণ নির্ণয় করা প্রয়োজন।
lযারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের রক্তে শর্করার মাত্রা ওঠানামা করলে চোখের লেন্সের প্রতিসরণ ক্ষমতায় পরিবর্তন আসতে পারে। ফলে সাময়িকভাবে ঝাপসা দেখার সমস্যা হতে পারে। এ ছাড়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও দৃষ্টির পরিবর্তন ঘটতে পারে।

কী করবেন?
চোখে কম দেখার সমস্যা হলে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আপনার সন্তান কিংবা আপনি নিজে দূরের জিনিস দেখতে অসুবিধা অনুভব করলে চোখ পরীক্ষা করানো জরুরি। চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দৃষ্টিশক্তির সমস্যার কারণ নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা দেবেন। সাধারণত মায়োপিয়া সংশোধনের সবচেয়ে সহজ উপায় হলো সঠিক পাওয়ারের চশমা ব্যবহার। প্রয়োজনে কন্টাক্ট লেন্সও ব্যবহার করা যায়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে উপযুক্ত মূল্যায়নের পর লেজার চিকিৎসার মাধ্যমে কর্নিয়ার আকৃতি পরিবর্তন করে দৃষ্টিশক্তির সমস্যা সংশোধন করা সম্ভব। বর্তমানে শিশুদের মধ্যে মায়োপিয়ার প্রবণতা বাড়ছে। বংশগত কারণের পাশাপাশি দীর্ঘসময় কাছের কাজ করা, মোবাইল ফোন, ট্যাব ও কম্পিউটারের অতিরিক্ত ব্যবহার এবং বাইরে খেলাধুলা বা সময় কাটানোর সুযোগ কম থাকাও মায়োপিয়ার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। অনেকের ধারণা, চশমা ব্যবহার করলে চোখের পাওয়ার বেড়ে যায় অথবা নিয়মিত চশমা পরলে একসময় চোখ ভালো হয়ে যায়। দুটি ধারণাই ভুল। সঠিক পাওয়ারের চশমা ব্যবহার করলে দৃষ্টি পরিষ্কার হয়, কিন্তু চশমা মায়োপিয়া স্থায়ীভাবে সারিয়ে তোলে না। আবার চশমা ব্যবহারের কারণে চোখের পাওয়ারও বাড়ে না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সময়মতো চোখের সমস্যা শনাক্ত করা এবং সঠিক পাওয়ারের চশমা ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট বয়সে দৃষ্টিশক্তির সমস্যা সংশোধন না করলে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তির বিকাশ ব্যাহত হতে পারে এবং অ্যামব্লায়োপিয়া বা অলস চোখের সমস্যা তৈরি হতে পারে। তাই শিশুর বয়স অনুযায়ী নিয়মিত চোখ পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা ভবিষ্যতে তার সুস্থ দৃষ্টিশক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
[চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন কনসালট্যান্ট]

আরও পড়ুন

×