অতিরিক্ত ক্লান্তির কারণ
ডা. মো. আব্দুল হাফিজ শাফী
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ০৮:১৫
| প্রিন্ট সংস্করণ
শরীর ভালো লাগছে না, গা ম্যাজম্যাজ করছে, কাজে মন বসছে না, অতিরিক্ত ঘুম পাচ্ছে, ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে কিংবা সারাক্ষণ ক্লান্তি অনুভূত হচ্ছে। শরীর নাড়াচাড়া করতেও অনীহা দেখা দেয়। দীর্ঘদিন ধরে এমন অবসন্নতা চলতে থাকলে এর পেছনে শারীরিক কোনো সমস্যা রয়েছে কিনা, তা খুঁজে দেখা জরুরি
প্রায়ই চিকিৎসকের চেম্বারে এসে অনেকে বলেন, শরীর ভালো লাগছে না, গা ম্যাজম্যাজ করছে, কাজে মন বসছে না, অতিরিক্ত ঘুম পাচ্ছে, ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে কিংবা সারাক্ষণ ক্লান্তি অনুভূত হচ্ছে। কারও কারও ক্ষেত্রে শরীর নাড়াচাড়া করতেও অনীহা দেখা দেয়। অনেকে এসব সমস্যাকে সাধারণ দুর্বলতা বা আলসেমি ভেবে এড়িয়ে যান। দীর্ঘদিন ধরে এমন অবসন্নতা চলতে থাকলে এর পেছনে শারীরিক কোনো সমস্যা রয়েছে কিনা, তা খুঁজে দেখা জরুরি।
পানিশূন্যতা ও শরীরে লবণের ঘাটতি
ক্লান্তির অন্যতম কারণ পানিশূন্যতা। ব্যায়াম করুন কিংবা সারাদিন বসে কাজ করুন–শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পর্যাপ্ত পানি প্রয়োজন। পিপাসা লাগা পানির ঘাটতির একটি লক্ষণ। তবে পিপাসা পাওয়ার আগেই নিয়মিত পানি পান করা ভালো। সাধারণভাবে দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা যেতে পারে; তবে আবহাওয়া, শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যের অবস্থার ওপর পানির চাহিদা নির্ভর করে।
যারা নিয়মিত শরীরচর্চা করেন, তাদের ব্যায়ামের আগে, চলাকালে ও পরে প্রয়োজন অনুযায়ী পানি পান করতে হবে। ডায়রিয়া, অতিরিক্ত ঘাম বা বমির কারণে শরীর থেকে পানি ও প্রয়োজনীয় লবণ বেরিয়ে গেলে দুর্বলতা ও ক্লান্তি দেখা দিতে পারে। শীতকালে কিংবা শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে থাকলেও পানির চাহিদা কমে যায় না। ডায়রিয়ার পর পানিশূন্যতা পুরোপুরি পূরণ না হলেও দীর্ঘস্থায়ী দুর্বলতা অনুভূত হতে পারে।
অনিদ্রা ও স্লিপ অ্যাপনিয়া
পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন ঘুম না হলে শরীরে ক্লান্তি জমতে থাকে। ঘুম কম হলে মনোযোগ, স্মৃতিশক্তি ও কর্মক্ষমতা কমে যেতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত প্রতি রাতে ৭–৯ ঘণ্টা ঘুম প্রয়োজন।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলা উচিত। শোবার ঘর অন্ধকার, শান্ত ও আরামদায়ক রাখাও জরুরি।
আবার অনেকে মনে করেন, ঘুমের মধ্যে জোরে নাক ডাকলে বুঝি ভালো ঘুম হচ্ছে। বাস্তবে নাক ডাকার সঙ্গে যদি ঘুমের মধ্যে বারবার শ্বাস বন্ধ হয়ে যাওয়া, হাঁসফাঁস করে জেগে ওঠা কিংবা সকালে মাথাব্যথার সমস্যা থাকে, তাহলে স্লিপ অ্যাপনিয়ার আশঙ্কা থাকতে পারে। এ সমস্যায় রাতে পর্যাপ্ত সময় ঘুমানোর পরও দিনের বেলায় ঝিমুনি ও ক্লান্তি দেখা দেয়। এমন লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা বলে। হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষ ও অঙ্গপ্রত্যঙ্গে অক্সিজেন পৌঁছে দেয়। এর মাত্রা কমে গেলে শরীর প্রয়োজনীয় অক্সিজেন পায় না; ফলে দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা ও শ্বাসকষ্ট হতে পারে।
বিশেষ করে অতিরিক্ত মাসিকের রক্তক্ষরণ, আয়রনের ঘাটতি, অপুষ্টি কিংবা দীর্ঘমেয়াদি কিছু রোগের কারণে রক্তস্বল্পতা দেখা দিতে পারে। এ সমস্যা নির্ণয়ে রক্তের হিমোগ্লোবিনসহ প্রয়োজনীয় পরীক্ষা করতে হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রন ট্যাবলেট খাওয়া উচিত নয়। কলিজা, মাছ, মাংস, ডাল, কচুশাক ও লালশাকের মতো আয়রনসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে কৃমির সংক্রমণও রক্তস্বল্পতার কারণ হতে পারে; তাই প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
হাইপোথাইরয়েডিজম
থাইরয়েড গ্রন্থি গলার সামনের দিকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি। এটি এমন হরমোন তৈরি করে, যা শরীরের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কোনো কারণে থাইরয়েড হরমোনের উৎপাদন কমে গেলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে।
এ অবস্থায় শরীরের বিপাকীয় কার্যক্রম ধীর হয়ে যায়। ফলে ক্লান্তি, অতিরিক্ত ঘুম, ওজন বৃদ্ধি, শীত বেশি লাগা, কোষ্ঠকাঠিন্য ও ত্বক শুষ্ক হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। দীর্ঘদিন এমন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শে থাইরয়েডের কার্যকারিতা পরীক্ষা করা প্রয়োজন।
ডায়াবেটিস
ডায়াবেটিসে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। স্বাভাবিক অবস্থায় ইনসুলিন হরমোনের সহায়তায় গ্লুকোজ শরীরের কোষে প্রবেশ করে শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। কিন্তু ইনসুলিনের ঘাটতি বা এর কার্যকারিতা কমে গেলে গ্লুকোজ ঠিকভাবে কোষে ব্যবহার হতে পারে না। ফলে শরীর দুর্বল ও অবসন্ন লাগতে পারে।
অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, অকারণে ওজন কমে যাওয়া এবং ক্ষত শুকাতে দেরি হওয়ার মতো লক্ষণও দেখা দিতে পারে। অল্প কাজেই ক্লান্ত হয়ে পড়লে বা দীর্ঘদিন দুর্বলতা থাকলে চিকিৎসকের পরামর্শে রক্তের গ্লুকোজ পরীক্ষা করানো উচিত।
হৃদ্রোগ
হৃদ্যন্ত্রের সমস্যার কারণেও অস্বাভাবিক ক্লান্তি দেখা দিতে পারে। আগে যে কাজগুলো সহজেই করা যেত, এখন সেগুলো করতে কষ্ট হওয়া, অল্প হাঁটাহাঁটিতে হাঁপিয়ে ওঠা কিংবা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে শ্বাসকষ্ট হওয়া–এসব লক্ষণ অবহেলা করা উচিত নয়।
বিশেষ করে পরিশ্রমের সময় বুকের মাঝখানে চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় কিংবা অতিরিক্ত ঘাম হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। এসব উপসর্গ হৃদ্রোগের ইঙ্গিত হতে পারে। বুকের চাপ বা ব্যথা তীব্র হলে কিংবা বিশ্রামেও না কমলে জরুরি চিকিৎসাসেবা নেওয়া প্রয়োজন।
অনিয়মিত খাদ্যাভ্যাস ও ক্ষুধামান্দ্য
শরীরের কর্মক্ষমতা বজায় রাখতে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি দরকার। দীর্ঘ সময় না খেয়ে থাকা, সকালের নাশতা বাদ দেওয়া কিংবা প্রয়োজনের তুলনায় কম খাবার খেলে দুর্বলতা ও ক্লান্তি দেখা দিতে পারে। বিশেষ করে ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন গ্রহণকারীদের ক্ষেত্রে খাবার বাদ পড়লে রক্তে গ্লুকোজ বিপজ্জনকভাবে কমে যেতে পারে।
তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে সুষম খাবার গ্রহণ করা জরুরি। খাদ্যতালিকায় শর্করা, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, শাকসবজি ও ফলমূলের ভারসাম্য থাকা উচিত। প্রয়োজনে অল্প পরিমাণে বিরতি দিয়ে খাবার খাওয়া যেতে পারে। তবে ক্ষুধামান্দ্য দীর্ঘস্থায়ী হলে কিংবা অকারণে ওজন কমতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ক্লান্তি দূর করতে আগে কারণ নির্ণয় জরুরি
ক্লান্তি নিজে কোনো নির্দিষ্ট রোগ নয়; বরং এটি বিভিন্ন শারীরিক সমস্যার একটি উপসর্গ হতে পারে। তাই দীর্ঘদিন ধরে অবসন্নতা থাকলে শুধু ভিটামিন বা শক্তিবর্ধক ওষুধ খেয়ে সমস্যার সমাধান খোঁজা ঠিক নয়। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক রক্তের হিমোগ্লোবিন, রক্তে গ্লুকোজ, থাইরয়েডের কার্যকারিতা কিংবা অন্যান্য পরীক্ষা করাতে পারেন। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত পানি পান সুস্থ থাকতে সহায়ক।
[নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ]
- বিষয় :
- চিকিৎসা