ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

টনসিলের সমস্যা: লক্ষণ, জটিলতা

টনসিলের সমস্যা: লক্ষণ, জটিলতা
×
×

ডা. মো. আব্দুল হাফিজ শাফী

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

টনসিল একধরনের লসিকাজাতীয় টিস্যু (Lymphoid tissue), যা শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার অংশ। মানুষের গলার ভেতরে দুই পাশে এক জোড়া প্যালাটাইন টনসিল (Palatine tonsils) থাকে। এসব টনসিলে সংক্রমণ বা প্রদাহ হলে তাকে টনসিলাইটিস (Tonsillitis) বলা হয়।
টনসিলাইটিস একটি সাধারণ স্বাস্থ্যসমস্যা। শিশুদের মধ্যে এ সমস্যা বেশি দেখা গেলেও বড়দেরও হতে পারে। বিশেষ করে ৩ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে এর প্রকোপ তুলনামূলক বেশি। টনসিলের প্রদাহের প্রধান কারণ ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ক্ষেত্রে গ্রুপ-এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস অন্যতম প্রধান জীবাণু। সাধারণ সর্দি-কাশি ও ফ্লু সৃষ্টিকারী ভাইরাস থেকেও টনসিলের সংক্রমণ হতে পারে।

লক্ষণ দেখে কীভাবে টনসিলের সংক্রমণ বুঝবেন?
টনসিলের সংক্রমণে সাধারণত যেসব লক্ষণ দেখা যায়, সেগুলো হলো–
lগলাব্যথা এবং খাবার বা পানি গিলতে অসুবিধা।
l জ্বর, যা কখনও ১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। সঙ্গে মাথাব্যথা ও বমি বমি ভাব থাকতে পারে।
lগলার ব্যথা কানের দিকে ছড়িয়ে পড়তে পারে। এ ছাড়া শরীর ব্যথা ও ক্লান্তি দেখা দিতে পারে।
lশিশুদের ক্ষেত্রে কখনও মুখ দিয়ে অতিরিক্ত লালা ঝরতে পারে।
l টনসিল ফুলে গেলে গিলতে এবং কখনও শ্বাস নিতে অসুবিধা হতে পারে।
lগুরুতর সংক্রমণে মুখ খুলতেও কষ্ট হতে পারে।
টনসিলের প্রদাহের তীব্র অবস্থাকে অ্যাকিউট টনসিলাইটিস  বলা হয়। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া জরুরি। ভাইরাসজনিত সংক্রমণে সাধারণত বিশ্রাম, পর্যাপ্ত পানি পান এবং জ্বর ও ব্যথা কমানোর ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয়। অন্যদিকে, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিশ্চিত হলে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিতে পারেন। এ ছাড়া উপসর্গ অনুযায়ী মাউথওয়াশ বা অন্যান্য ওষুধ দেওয়া হতে পারে। সব ধরনের টনসিলের সংক্রমণে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না।
বারবার টনসিলের সংক্রমণ হলে অথবা দীর্ঘদিন ধরে গলাব্যথা ও টনসিলের প্রদাহ থাকলে তাকে ক্রনিক টনসিলাইটিস  বলা হয়। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে।

কখন টনসিল অপারেশন প্রয়োজন হতে পারে?
বারবার তীব্র টনসিলের সংক্রমণ হলে, ওষুধে যথাযথ উপকার না পাওয়া গেলে কিংবা টনসিল অস্বাভাবিকভাবে বড় হয়ে শ্বাসপ্রশ্বাস বা খাবার গিলতে সমস্যা সৃষ্টি করলে অপারেশনের প্রয়োজন হতে পারে।
শিশুর ক্ষেত্রে সাধারণত গত এক বছরে সাতবার, পরপর দুই বছর প্রতিবছর অন্তত পাঁচবার অথবা পরপর তিন বছর প্রতিবছর অন্তত তিনবার টনসিলের সংক্রমণ হলে অপারেশনের বিষয়টি বিবেচনা করা হয়। তবে প্রতিটি সংক্রমণের চিকিৎসাগত প্রমাণ, তীব্রতা এবং স্বাভাবিক জীবনযাত্রায় এর প্রভাবও বিবেচনায় নিতে হয়। রোগীর অবস্থা অনুযায়ী নাক-কান-গলা বিশেষজ্ঞ অপারেশনের সিদ্ধান্ত দেন।

দীর্ঘমেয়াদি টনসিলের সংক্রমণে কী ধরনের জটিলতা হতে পারে?
টনসিলের সংক্রমণ অবহেলা করলে কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। যেমন—
l সংক্রমণ টনসিলের আশপাশে ছড়িয়ে পুঁজ জমে ফোড়া হতে পারে। একে পেরিটনসিলার অ্যাবসেস (Peritonsillar abscess) বলা হয়।
l টনসিল অস্বাভাবিকভাবে বড় হয়ে শ্বাসপ্রশ্বাসে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ঘুমের সময় শ্বাস নিতে সমস্যা বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে।
lবড় টনসিলের কারণে খাবার গিলতে অসুবিধা হতে পারে।
lস্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের পর বিরল ক্ষেত্রে বাতজ্বর (Rheumatic fever) হতে পারে।
lএকই ধরনের সংক্রমণের পর কিছু ক্ষেত্রে কিডনিতে প্রদাহ বা পোস্ট-স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস  হতে পারে।
lপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক পাশের টনসিল অস্বাভাবিকভাবে বড় হলে বা দীর্ঘদিন ধরে আকারের পার্থক্য থাকলে ক্যান্সারসহ অন্য কোনো রোগের আশঙ্কা যাচাই করতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তাই টনসিলের সমস্যা অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও অন্যান্য চিকিৎসায় উপকার না হলে অথবা অপারেশনের নির্দিষ্ট প্রয়োজনীয়তা দেখা দিলে টনসিল অপারেশন (Tonsillectomy) করা যেতে পারে। অভিজ্ঞ নাক-কান-গলা বিশেষজ্ঞের তত্ত্বাবধানে যথাযথ প্রস্তুতি ও সতর্কতার সঙ্গে এ অপারেশন করা হয়।

টনসিলের সমস্যা হলে কী করবেন?
তীব্র টনসিলের সংক্রমণ হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পানি পান করতে হবে। কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গারগল করলে গলাব্যথায় কিছুটা আরাম পাওয়া যেতে পারে। বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ব্যথা ও জ্বরের ওষুধ সেবন করা যেতে পারে। আদা-লেবু মেশানো গরম চা বা অন্যান্য উষ্ণ পানীয় পান করলেও গলার অস্বস্তি কিছুটা কমতে পারে। তবে এসব ঘরোয়া পদ্ধতি সংক্রমণের মূল চিকিৎসার বিকল্প নয়।
বিশেষ করে শ্বাসকষ্ট, লালা গিলতে না পারা, মুখ খুলতে খুব অসুবিধা অথবা দ্রুত বাড়তে থাকা গলার ব্যথা ও ফোলা দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

কখন টনসিল অপারেশন করা 
ঝুঁকিপূর্ণ হতে পারে?
টনসিল অপারেশনের আগে রোগীর শারীরিক অবস্থা ও অন্যান্য স্বাস্থ্যসমস্যা মূল্যায়ন করা জরুরি। কিছু পরিস্থিতিতে অপারেশন সাময়িকভাবে পিছিয়ে দেওয়া বা বিশেষ সতর্কতা নেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন–
lটনসিলে তীব্র সংক্রমণ, জ্বর বা প্রদাহ থাকলে সাধারণত সংক্রমণ নিয়ন্ত্রণের পর অপারেশন করা হয়।
l রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম বা রক্তশূন্যতা থাকলে আগে তা মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা করতে হয়।
lহিমোফিলিয়া বা রক্ত জমাট বাঁধার অন্য কোনো সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ ও প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়া অপারেশন করা উচিত নয়।
lতিন বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অ্যানেসথেশিয়া ও অপারেশন-পরবর্তী শ্বাসপ্রশ্বাসের জটিলতার ঝুঁকি বিবেচনায় বিশেষ সতর্কতা প্রয়োজন। 
[নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ] 
 

আরও পড়ুন

×