ঘুমের মধ্যে হাঁটছেন
ডা. মোহাম্মদ তারিকুল আলম
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫০
| প্রিন্ট সংস্করণ
এমন অনেকে আছেন, যারা ঘুমের ঘোরে রুমের বাইরে চলে যান, নিজের মনে কথা বলেন, কাঁদেন, আবার ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে তাদের কিছুই মনে থাকে না–তারা কী করেছেন বা কোথায় গেছেন। মনোবিজ্ঞানের পরিভাষায় এ অবস্থাকে বলা হয় সমনাবুলিজম বা ঘুমন্ত অবস্থায় হাঁটা। ইংরেজিতে যাকে স্লিপ ওয়াকিং বলা হয়। সাধারণত ছোটদের মাঝে এটি বেশি দেখা গেলেও বড়রাও স্লিপ ওয়াকিংয়ে আক্রান্ত হতে পারেন।
যারা স্লিপ ওয়াকিং করে থাকেন, তারা সবার মতো বিছানায় ঘুমাতে যান এবং ঠিকমতো ঘুমিয়েও পড়েন। কয়েক ঘণ্টার মাঝে শুরু হয় আসল খেলা! তারা আপন মনে কথা বলা শুরু করেন, হয়তো কাঁদেন বা চিৎকার করেন এবং ঘুম থেকে উঠে পড়েন। চোখ খুলে তাকান ঠিকই, তবে চেহারা থাকে ভাবলেশহীন ও অভিব্যক্তিহীন। তিনি কী করছেন, কী বলছেন বা কোথায় যাচ্ছেন–সবকিছু করেন নিজের অজান্তে।
স্লিপ ওয়াকিংয়ের কারণ
খুব ক্লান্ত দেহে বিছানায় গেলে বা সারা দিন অধিক খাটাখাটুনি হলে।
উত্তেজনা, ভয় বা মানসিক অস্থিরতা থাকলে।
প্রতিদিনের ঘুম অনিয়মিত ও অপর্যাপ্ত হলে।
স্লিপ এপনিয়া বা ঘুমের মাঝে বিশেষ ধরনের শ্বাসবদ্ধতা থাকলে। কিছু ওষুধের কারণেও এমন ব্যাপার ঘটতে পারে। মা-বাবার এই সমস্যা থাকলে সন্তানদেরও স্লিপ ওয়াকিং করার সম্ভাবনা বেড়ে যায়।
স্লিপ ওয়াকিং থামাতে করণীয়
প্রথমেই সতর্ক হতে হবে এবং আক্রান্ত ব্যক্তিকে একা থাকতে দেওয়া ঠিক হবে না। অনেকে দরজা খুলে বাইরে চলে যান। রেলিং টপকে নিচে পড়ে যান অথবা রাস্তায় নেমে দুর্ঘটনায় পতিত হন। তাঁকে হাঁটতে দেখলে পরম মমতায় বিছানায় ফিরিয়ে এনে আবার শুইয়ে দিন।
কোনো ওষুধের কারণে স্লিপ ওয়াকিং হলে চিকিৎসকের পরামর্শে সেই ওষুধ ব্যবহার বন্ধ করতে হবে। স্লিপ এপনিয়া এক ধরনের শ্বাসবদ্ধতার সমস্যা, যা ঘুমের মধ্যে হয়। স্লিপ এপনিয়ার চিকিৎসা করালে অনেকের স্লিপ ওয়াকিং সমস্যার সমাধান হয় বলে গবেষণায় প্রকাশ পেয়েছে।
ঘরে কোনো ধরনের ধারালো বস্তু, ছুরি, কাঁচি ইত্যাদি রাখা যাবে না। বাচ্চাদের অভিভাবকেরা একটি ডায়েরি করতে পারেন। প্রতিদিন বাচ্চা কখন ঘুমাতে যাচ্ছে এবং কখন তার সমস্যা শুরু হচ্ছে, তা লিপিবদ্ধ করা শুরু করুন। স্লিপ ওয়াকিং সাধারণত যে সময়ে শুরু হয়, তার ১০-১৫ মিনিট আগে তাকে ডেকে তুলে দিন এবং ঘুম ভাঙিয়ে দিন। ৫ মিনিট জাগিয়ে রেখে তাকে আবার ঘুম পাড়িয়ে দিন। এভাবে অভ্যাস পরিবর্তনের মাধ্যমে সুফল পাওয়া যেতে পারে।
স্লিপ ওয়াকিং নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি গুরুতর কোনো মানসিক সমস্যা নয়। শুধু সচেতনতা এবং যত্নবান হলে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ রাখা সম্ভব।
[লেখক: বিশেষজ্ঞ চিকিৎসক]
- বিষয় :
- ঘুমের সমস্যা