আঁকাবাঁকা রক্তনালি হলে কী হয়
ডা. মো. মুশফিকুর রহমান
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ০৭:৩৮
| প্রিন্ট সংস্করণ
ভেরিকোস ভেইন রোগে পায়ের চামড়ার নিচের শিরাগুলো আঁকাবাঁকা হয়ে ফুলে ওঠে। প্রথম দিকে শুধু অস্বস্তি লাগলেও সঠিক সময়ে চিকিৎসা না করালে পরবর্তী সময়ে পায়ে ক্ষত, রক্তপাত, ইনফেকশনসহ বিভিন্ন জটিলতা দেখা দেয় ৷
কাদের বেশি হয়
বাংলাদেশসহ সারা বিশ্বের অনেক মানুষের পায়ে আঁকাবাঁকা শিরা বা ভেরিকোস ভেইন রোগ আছে। এটি রক্তনালির একটি সাধারণ সমস্যা । দেশে বা বিদেশে যারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে কাজ করেন, বিশেষ করে যারা দোকানে/ স্যালনে/ হোটেলে/ গার্মেন্টসে বা অন্যান্য ফ্যাক্টরিতে অথবা অন্যান্য পেশায় যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন এবং প্রবাসী শ্রমজীবীদের মধ্যে এই রোগ হবার প্রবণতা বেশি। তবে অন্যদেরও এই রোগ হতে পারে।
ভেরিকোস ভেইন-এর লক্ষণ
l পায়ের চামড়ার নিচের শিরাগুলো মোটা হয়ে আঁকাবাঁকা আকার ধারণ করে
l পায়ে ব্যথা
l পায়ে ক্ষত, কালো দাগ হয়ে যাওয়া
l পা ফুলে যাওয়া বা পায়ে পানি আসা
l পায়ের মাংসপেশিতে টান পরা বা খিঁচ ধরা
ভেরিকোস ভেইন রোগে পায়ে পরিবর্তন ও জটিলতা:
l মাকড়সার জালের মতো আঁকাবাঁকা রক্তনালি;
l রক্তনালি কেঁচো বা সাপের মতো আঁকাবাঁকা ও মোটা হতে থাকে;
l পা ফুলে যাওয়া বা পায়ে পানি আসা;
l পায়ের গোড়ালির কাছে কালো দাগ বা স্পট পরে এবং চামড়ার রং পরিবর্তন হয়;
l পায়ে ক্ষত বা আলসার তৈরি হতে থাকে, এ ক্ষত সেরে গিয়ে বারবার হতে পারে।
ভেরিকোস ভেইন হলে করণীয়
প্রতিটি রোগের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। ভেরিকোস ভেইন রক্তনালির একটি রোগ এবং এ রোগের চিকিৎসাসেবা দিয়ে থাকেন রক্তনালি বিশেষজ্ঞ সার্জন বা ভাসকুলার সার্জন। ভেরিকোস ভেইন হলে অতিসত্বর একজন ভাসকুলার সার্জন-এর কাছে গিয়ে চিকিৎসা ও পরামর্শ নিলে এ রোগের জটিলতা এড়ানো যায়।
ভেরিকোস ভেইন-এর চিকিৎসা
ডুপ্লেক্স স্টাডি নামক পরীক্ষার ভিত্তিতে যদি নির্ধারণ হয় যে রোগীর জন্য অপারেশন প্রয়োজন নেই সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম, ওষুধ ও বিশেষ ইলাস্টিক মোজা ভাসকুলার সার্জন-এর প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হয়। ডুপ্লেক্স স্টাডি নামক পরীক্ষার ভিত্তিতে যদি নির্ধারণ হয় যে রোগীর জন্য অপারেশন প্রয়োজন আছে সেক্ষেত্রে অপারেশনের জন্য প্রস্তুতি নিতে হবে অন্যথায় অপারেশন করতে দীর্ঘ বিলম্ব হলে ভেরিকোস ভেইন-এর জটিলতাগুলো দেখা দিতে পারে।
ভেরিকোস ভেইনের অপারেশন কীভাবে হয়?
ভেরিকোস ভেইনে অপারেশন প্রয়োজন হলে দুটি পদ্ধতির যে কোনো একটি অনুসরণ করা হয়
প্রচলিত ওপেন সার্জারি: কাটাছেঁড়া বা উন্মুক্ত পদ্ধতিতে অপারেশন
কসমেটিকস পদ্ধতি: লেজার করে কাটাছেঁড়া ছাড়া চিকিৎসার করা হয়।
[ভাসকুলার সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর]
- বিষয় :
- রক্তদান কর্মসূচি