ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ডিবিএলের কারখানা বন্ধের খবর ভিত্তিহীন, বলছে বিজিএমইএ

ডিবিএলের কারখানা বন্ধের খবর ভিত্তিহীন, বলছে বিজিএমইএ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ২২:২৬

গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে ডিবিএল গ্রুপসহ কয়েকটি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে- বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির দাবি, কারখানাগুলো বন্ধ হয়নি; গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় ছুটি ও কর্মঘণ্টা সমন্বয় করা হচ্ছে।

সোমবার বিকেলে এক বিবৃতিতে বিজিএমইএ জানায়, সম্প্রতি ডিবিএল গ্রুপসহ একাধিক পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার খবর তাদের নজরে এসেছে। এসব তথ্য সম্পূর্ণ ভুল এবং এতে দেশি-বিদেশি অংশীজনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা তৈরি পোশাক খাতের জন্য ক্ষতিকর।

বিজিএমইএর ভাষ্য, তীব্র গ্যাস ও বিদ্যুৎ-সংকটের মধ্যেও সরকারের সহযোগিতায় সদস্যভুক্ত কারখানাগুলো উৎপাদন সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে অধিকাংশ কারখানায় ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আগামী ৫ আগস্টের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে অনেক কারখানা বৃহস্পতিবার ছুটি দিচ্ছে। পরে শ্রম আইনের বিধান অনুযায়ী সেই কর্মদিবস সমন্বয় করা হবে। গ্যাস-সংকটের সময়ে এ ধরনের ছুটি সমন্বয় শিল্পের স্বাভাবিক কার্যপদ্ধতির অংশ এবং এর সঙ্গে কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই।

যাচাই-বাছাই ছাড়া কারখানা বন্ধের মতো স্পর্শকাতর সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়ে বিজিএমইএ বলেছে, এ ধরনের তথ্য আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে দেশের তৈরি পোশাক খাতের অর্জিত সুনাম ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এ শিল্পের ওপর নির্ভরশীল লাখো শ্রমিকের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে বলে সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে।

আরও পড়ুন

×