ব্যাংকে লেনদেন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৮:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাস সতর্কতায় ব্যাংক লেনদেনের সময় আধা ঘণ্টা কমাল বাংলাদেশ ব্যাংক। রোববার থেকে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেনপরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে ব্যাংক খোলা রাখার সময় এক ঘণ্টা কমিয়ে ২টা করা হয়েছে।
পাশাপাশি করোনাভাইরাসের কারণে সরকার ও স্থানীয় প্রশাসন যেসব এলাকা লকডাউন করবে, ওই এলাকায় ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে। লেনদেন সম্পাদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সামাজিক দূরত্ব সংক্রান্ত নির্দেশনা মানতে হবে।
গত বৃহস্পতিবার এ বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, আগামী ১২ এপ্রিল রোববার থেকে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেনপরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে জরুরি বৈদেশিক লেনদেনের জন্য কোনো এডি শাখা চাইলে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চালু রাখতে পারবে।
এর আগে সাধারণ ছুটির দ্বিতীয় পর্যায়ে ২ এপ্রিলের নির্দেশনায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন এবং বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। আর সাধারণ ছুটির প্রথম পর্যায়ে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন এবং ২টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।
