করোনাভাইরাস বৈশ্বিক অর্থনীতির জন্য ‘ধ্বংসাত্মক আঘাত’
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। ফাইল ছবি।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০২:৫৯ | আপডেট: ০৭ জুন ২০২০ | ০৩:১৮
বৈশ্বিক অর্থনীতির জন্য করোনাভাইরাস এক ‘ধ্বংসাত্মক আঘাত’- এমনটাই মনে করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই মহামারির কারণে কয়েকশ’ কোটি মানুষের জীবন-জীবিকা হুমকিতে পড়েছে। এই অর্থনৈতিক বিপর্যয় এক দশক স্থায়ী হতে পারে।
গত শুক্রবার বিবিসি রেডিও ফোরের দ্য ওয়ার্ল্ড দিস উইকেন্ড অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বিশ্ব ব্যাংকের প্রধান মালপাস। রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত মাসে মালপাস সতর্ক করে দিয়ে বলেছিলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি বিশ্বের ছয় কোটি মানুষকে ‘চরম দারিদ্রতার’ মুখে ঠেলে দিতে পারে।
বিশ্ব ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি দিনে ১ দশমিক ৯০ ডলার বা ১৬১ টাকার চেয়ে কম অর্থে জীবন যাপন করেন তবে তিনি ‘চরম দারিদ্রসীমার’ নিচে বসবাস করেন। শুক্রবার মালপাস বলেন, ছয় কোটির বেশি মানুষকে আগামী দিনগুলোতে এক ডলারেরও কম অর্থে জীবন চালাতে হতে পারে।
মালপাস বলেন, ‘করোনাভাইরাস বিশ্ব অর্থনীতির জন্য এক ধ্বংসাত্মক আঘাত। মহামারি এবং মহামারি ঠেকাতে লকডাউনের মতো পদক্ষেপ কয়েকশ' কোটি মানুষের জীবন-জীবিকায় প্রভাব ফেলেছে। এ পরিস্থিতি উদ্বেগজনক। এর প্রত্যক্ষ পরিণতি হলো আয় হারানো। এ ছাড়া স্বাস্থ্য ও সামাজিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।’
বিশ্ব ব্যাংক প্রধান আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার তুলনামূলকভাবে বেশি প্রভাবিত হয়েছে। দরিদ্র দেশগুলোর মানুষ কেবল বেকারই হচ্ছে না, অনানুষ্ঠানিক খাতের কাজ পাওয়াও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি আগামী এক দশকের জন্য স্থায়ী হতে পারে।’
বিশ্বব্যাংক ও তার সহযোগীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দিচ্ছে। তবে তা যথেষ্ট নয় বলে মনে করেন মালপাস। ব্যাংক ও পেনশন তহবিলের মতো বাণিজ্যিক ঋণদাতারাও যেন দরিদ্র দেশগুলোকে ঋণ সুবিধা দেয় সে আহ্বান জানিয়েছেন তিনি।
তবে মালপাস মনে করেন, শেষ পর্যন্ত এ সংকট কাটিয়ে উঠতে পারবে মানুষ। এ ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।