ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক নিয়ে সমন্বিত নীতিমালা তৈরির পরামর্শ
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ২২:২০
সম্পদের যথাযথ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ ও সামাজিক উন্নয়নে ‘ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্কস (ইআইপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য একটি সমন্বিত নীতিমালার প্রয়োজন।
জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) আয়োজিত অংশীজন পরামর্শক সভায় বক্তারা এ কথা বলেন। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) সহযোগিতায় মঙ্গলবার ঢাকার শেরাটন হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিডোর গ্লোবাল ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্কস প্রোগ্রামের এর অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিডো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকী উজ জামান বলেন, বাংলাদেশে ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওপর গুরুত্ব দেওয়া উচিত। এর মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। তবে এ জন্য একটি নীতি কাঠামো দরকার। এক্ষেত্রে ভিয়েতনামসহ ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্কে সফল দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বাংলাদেশ।
বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামস মাহমুদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি এবং বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ পদ্ধতিতে এক কারখানার বর্জ্য অন্য কারখানায় উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহারের সুযোগ রয়েছে।
সভায় বেপজা, বিএসসিআইসি, বিশ্বব্যাংক, আইএফসি, এডিবির প্রতিনিধি, বিশ্লেষক ও গবেষকরা অংশ নেন।
