শেয়ারবাজারে লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০৭:২৭
| প্রিন্ট সংস্করণ
টানা অষ্টম দিনে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার সূচক। গতকাল বুধবারও ঢাকার শেয়ারবাজারের বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। তাতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সূচক ৫৪৪১ পয়েন্ট ছাড়িয়েছে। সূচকের এ অবস্থান গত ২ মার্চ বা গত তিন মাসের সর্বোচ্চ।
এ বৃদ্ধি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শীর্ষ নেতৃত্বে আমূল বদল করা হবে বলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে ঘোষণা দিয়েছেন, তার প্রভাব বলে মনে করছেন শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তা। অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে শিল্পের অর্থায়নে ব্যাংকের বদলে পরিবর্তনে শেয়ারবাজারের ভূমিকা বাড়ানোর কথা বলছেন।
তবে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা শেষে নতুন সরকার গঠনের পর শেয়ারবাজারের অবস্থা শুরুতে বদল হয়নি। এর কারণ ছিল জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে জ্বালানি তেলের অত্যধিক মূল্যবৃদ্ধি।
জানতে চাইলে শীর্ষস্থানীয় এক ব্রোকারেজ হাউসের এমডি বলেন, বিনিয়োগের এ বাজারে সংস্কার প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। তারা চান, এ বাজার পরিচালনার দায়িত্ব তারাই পান, যারা বাজার এবং এর চাহিদা বোঝে।
গতকাল বুধবার ডিএসইতে ২২৮ কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ৮৬টি এবং অপরিবর্তিত ৩৫টির দর। এদিন শেয়ার কেনাবেচার পরিমাণ গত দিনের চেয়ে প্রায় ২০০ কোটি টাকা বেড়ে এক হাজার ২৭৯ কোটি টাকা ছাড়িয়েছে, যা গত বছরের ৮ সেপ্টেম্বরের পর বা গত প্রায় ৯ মাসের সর্বোচ্চ।
- বিষয় :
- শেয়ারবাজার
