ইসলামী ব্যাংক
সাত দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০৭:২৬
| প্রিন্ট সংস্করণ
ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণসহ ৭ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল তৃতীয় দিনের মতো অবস্থান ও বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আজ বৃহস্পতিবার ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীদের সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়।
গতকাল বুধবার ইসলামী ব্যাংকের সামনে থেকে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেষ হয়। প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক বলেন, সরকার এমন একজনকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়িছে যিনি দুর্নীতি, অনিয়মের দায়ে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত। ক্ষমতার অপব্যবহার করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে স্ত্রীর নামে নেওয়া ঋণ পরিশোধ করেনি। ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের সহযোগী খুরশীদ আলমকে পুরস্কার হিসেবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। চেয়ারম্যান নিয়োগ পেয়েই চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে এস আলমকে ৫৪৪ কোটি টাকা লুটের বন্দোবস্ত করা হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, খুরশীদ আলমকে তারা ব্যাংকে প্রবেশ করতে দেবেন না। ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করলে প্রধান কার্যালয় ঘেরাও করা হবে। সরকার ও বাংলাদেশ ব্যাংক ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংককে আবারও একটি লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। দেশের অর্থনীতির জন্য যা ক্ষতি নিয়ে আসবে।
ঈদের আগে শেষ কর্মদিবস গত ২৪ মে রাতে খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। তাঁর পদত্যাগ চেয়ে টানা তৃতীয় দিনের মতো মতিঝিলে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কর্মসূচি শুরু হয়।
- বিষয় :
- ইসলামী ব্যাংক
