ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদা দাবির প্রতিবাদ

বারভিডার ডাকে আজ ঢাকায় অর্ধদিবস গাড়ির শোরুম বন্ধ

বারভিডার ডাকে আজ ঢাকায় অর্ধদিবস গাড়ির শোরুম বন্ধ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ০৭:১৬

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর প্রগতি সরণি এলাকায় রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে টেলিফোনে হুমকি প্রদান ও শোরুমে ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে আজ দেশের সব গাড়ির শোরুম অর্ধদিবস বন্ধ রেখে প্রগতি সরণিতে মানববন্ধন কর্মসূচি পালন করবেন ব্যবসায়ীরা। গতকাল রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানিয়েছে। 

বারভিডা জানিয়েছে, কয়েক মাস ধরে দুষ্কৃতকারীরা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে টেলিফোনে হুমকি দিয়ে আসছে। এ পরিস্থিতিতে এর প্রতিবাদ ও জরুরি নিরাপত্তা
বিধানের দাবি জানিয়েছে সংগঠনটি। এর অংশ হিসেবে আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত দেশের সব গাড়ির শোরুম অর্ধদিবস বন্ধ রেখে প্রগতি সরণি এলাকার কোকা-কোলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য গাড়ি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে বারভিডা। 

এ বিষয়ে বারভিডার সভাপতি আবদুল হক সমকালকে বলেন, কয়েক মাস ধরে একটি সন্ত্রাসী গোষ্ঠী ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। কখনও কখনও দুবাই থেকেও ফোন করে হুমকি দিচ্ছে। ফোনে ব্যবসায়ীদের বলা হচ্ছে চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না। মাঝে মাঝে মোটরসাইকেলে এসে শোরুমের সামনে ককটেল ফাটানো হয়।
তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের আশঙ্কা, যে কোনো সময় গাড়ির শোরুমে ভয়ানক কিছু ঘটাতে পারে সন্ত্রাসীরা। এর সঙ্গে দেশি-বিদেশি চক্র জড়িত থাকতে পারে। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এখনই ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। 

আরও পড়ুন

×