ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সম্মিলিত ব্যাংকের স্কিম ঘোষণা চলতি সপ্তাহে

পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

সম্মিলিত ব্যাংকের স্কিম ঘোষণা চলতি সপ্তাহে
×

ড. আহসান এইচ মনসুর

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে চলতি সপ্তাহে স্কিম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বীমা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানতকারীকে পরিশোধ, জমানো বাকি টাকা কোন উপায়ে তুলতে পারবেন, কী হারে সুদ দেওয়া হবে–  স্কিমে এর বিস্তারিত তুলে ধরা হবে। এর আগে গত সপ্তাহে এসব ব্যাংকের কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া সরকার থেকে মূলধন জমা করার জন্য নতুন ব্যাংকের নামে কেন্দ্রীয় ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গতকাল শনিবার এক অনুষ্ঠানে বলেন, পাঁচ ব্যাংক একীভূত করে নতুন যে ব্যাংক গঠন করা হচ্ছে, তার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। নতুন ব্যাংকটি আগামী সপ্তাহেই যাত্রা শুরু করতে পারে। এ সময় তিনি আরও বলেন, নতুন ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার পরিশোধ মূলধন নিয়ে যাত্রা শুরু করবে। যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা। বর্তমানে সর্বোচ্চ দেড় হাজার কোটি টাকা পরিশোধিত মূলধনের ব্যাংক রয়েছে।

জানা গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চলতি সপ্তাহে চূড়ান্ত লাইসেন্স ইস্যু করা হতে পারে। এর পরই একীভূত হওয়া পাঁচ ব্যাংকের সাইনবোর্ড পরিবর্তন হয়ে যাবে। আমানত বীমা তহবিলের আওতায় প্রত্যেক গ্রাহকের জমানো স্থিতি থেকে দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হবে। গ্রাহক চাইলে ধাপে ধাপে টাকা তুলতে পারবেন। এতদিন যারা টাকা তুলতে পারেননি, তাদের জমা টাকার ওপর ৪ শতাংশ হারে মুনাফা হিসাব করা হবে। 

বাংলাদেশ ব্যাংকে পাঁচ ব্যাংকের প্রশাসককে নিয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়। নভেম্বর থেকেই যা কার্যকর হয়েছে। নভেম্বরের বেতন পরিশোধ হলেও পরের মাসে সমহারে কর্তন করে সমন্বয় করা হবে। আর সরকার যে ২০ হাজার কোটি টাকার মূলধন দেবে, তা নেওয়ার জন্য এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখায় একটি চলতি হিসাব খোলা হয়েছে। এর বাইরে শিগগিরই নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক হলো– এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। চলতি বছরের শুরুতে এসব ব্যাংক একীভূতের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন প্রক্রিয়া শেষে ৫ নভেম্বর প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। 

আরও পড়ুন

×