ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রথম প্রান্তিকে সাড়ে ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি

প্রথম প্রান্তিকে সাড়ে ৪  শতাংশ জিডিপি প্রবৃদ্ধি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ০৭:৩০

| প্রিন্ট সংস্করণ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কৃষি, শিল্প ও সেবা খাত ভালো অবস্থানে ফিরেছে। এর ফলে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি আগের অর্থবছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে স্থিরমূল্যে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৫ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরের একই প্রান্তিকে ছিল ২ দশমিক ৫৮ শতাশ। 

গতকাল মঙ্গলবার চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের জিডিপি সাময়িক হিসাব প্রকাশ করেছে। এতে দেখা যায়, প্রথম প্রান্তিকে চলতি মূল্যে মোট দেশজ উৎপাদন ১৩ হাজার ৮৫৩ বিলিয়ন টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১২ হাজার ৪০১ বিলিয়ন টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরে স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৭২ শতাংশ। 
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শিল্প খাত। স্থির মূল্যে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৭ শতাংশ। এক বছর আগে অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৫৯ শতাংশ। অর্থাৎ শিল্প খাতের প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে। 
কৃষি খাতেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম কোয়ার্টারে স্থির মূল্যে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৩০ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এই খাতে প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। উৎপাদন কমে যায় শূন্য দশমিক ৬০ শতাংশ। 

সেবা খাতেও প্রবৃদ্ধির গতি খানিকটা বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৯৬ শতাংশ।
অর্থনীতিবিদরা মনে করছেন, এই প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে হলে বিনিয়োগ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। প্রথম প্রান্তিকে এই ইতিবাচক
গতি অর্থবছরজুড়ে টেকসই হবে কিনা তা অনেকটাই নির্ভর করবে নীতিসহায়তা, বৈদেশিক বাণিজ্য পরিস্থিতি ও সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর। 

আরও পড়ুন

×